পরমেশ্বর শিব পূজার মাধ্যমে ভক্তের শুধুমাত্র ভক্তি ও সমর্পণের ভাব গ্রহণ করেন

 


🕉️ পরমেশ্বর শিব পূজার মাধ্যমে ভক্তের শুধুমাত্র ভক্তি ও সমর্পণের ভাব গ্রহণ করেন 🥺🙏🥹

__________________________________________


🔰 ভূমিকা — অনেকেই দাবী করেন যে, ঈশ্বর কি ভোজন গ্রহণের জন্য অপেক্ষা করেন ? ঈশ্বরকে খাওয়ানো, ঘুম পাড়ানো, বস্ত্র অলংকার ধারণ করিয়ে, পাখার হাওয়া দিয়ে আপ্যায়ন করাটাই কি তার কৃপা লাভের একমাত্র উপায় ? ঈশ্বর কি মানুষের মতো নাকি ? ঈশ্বর কি এইসব উপাচার লাভের জন্য‌ই পূজা গ্রহণ করেন ?

এমনভাবেই ঈশ্বরকে যারা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে পূজা অর্চনা করে — তাদের এবং ঈশ্বরের পূজা গ্রহণের বিষয়ে বহু মানুষের প্রশ্ন ও সংশয় থাকে। সেই সংশয়ের উত্তর পরমেশ্বর শিব দিয়েছেন শিবমহাপুরাণে। এই প্রবন্ধে সেটি উল্লেখ করে ব্যাখ্যা উপস্থাপন করা হল।

__________________________________________


🔷 প্রশ্ন : পরমেশ্বর শিব কি ভক্তের দ্বারা পূজার্চনায় প্রদান করা উপাচার লাভের আশায় অপেক্ষা করে থাকেন ?


✅ উত্তর : পরমেশ্বর শিব মাতা পার্বতী কে এবিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়েছেন, দেখুন —


কৃতকৃত্যস্য পূতস্য মম কিং ক্রিয়তে নরৈঃ ।

বহির্বাভ্যন্তরং বাথ ময়া ভাবো হি গৃহ্যতে ॥ ৫৯ ॥


[শিবমহাপুরাণ/বায়বীয় সংহিতা/উত্তরখণ্ড/১০ অধ্যায়/৫৯ শ্লোক]


✅ অর্থ : পরমেশ্বর শিব বললেন — আমি তো কৃতকৃত্য এবং পবিত্র, মানুষ আমার জন্য কি-ই বা করবে ? তাদের করা বাহ্য বা অভ্যন্তরীণ পূজায় যে ভক্তি-সমর্পনের ভাব থাকে আমি সেটিই শুধু মাত্র গ্রহণ করি ।


⏺️ ব্যাখ্যা :

পরমেশ্বর শিব এই শ্লোকে অত্যন্ত গভীর একটি আধ্যাত্মিক সত্য প্রকাশ করেছেন। তিনি নিজেই পূর্ণ, পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ। সমগ্র জগৎ, জগতের সমস্ত বস্তু, শক্তি ও সম্পদ তাঁরই প্রকাশ। সুতরাং এমন কিছু নেই যা ভক্ত তাঁকে প্রদান করে তাঁকে অধিকতর পূর্ণ করতে পারে। তিনি কোনো ভৌতিক উপাচার, ভোগ্যবস্তু বা বাহ্যিক আড়ম্বরের প্রত্যাশায় ভক্তের পূজা গ্রহণ করেন না।

শিবভক্ত যখন পূজা, জপ, ধ্যান, স্তব, কীর্তন, সেবা বা অন্য যে কোনো উপায়ে শিবকে স্মরণ করেন, তখন বাহ্যিক উপকরণের তুলনায় তাঁর অন্তরের ভক্তি, প্রেম, শ্রদ্ধা ও আত্মসমর্পণের ভাবই অধিক মূল্যবান হয়ে ওঠে। কারণ, পরমেশ্বর শিব বহিরঙ্গ আচার নয়, ভক্তের হৃদয়ের অনুভূতিকেই গ্রহণ করেন।

কোনো ভক্ত তাঁকে পিতা-মাতা রূপে ভাবেন, কেউ সন্তানরূপে, কেউ সখা রূপে, কেউ গুরু রূপে, কেউ প্রভু রূপে, আবার কেউ সর্বব্যাপী পরমাত্মা রূপে উপাসনা করেন। কেউ সোনা-রূপা, মণি-মাণিক্য, মূল্যবান দ্রব্য ও বৈভবপূর্ণ উপাচার দিয়ে পূজা করেন ; আবার কেউ কেবলমাত্র ঘড়া জল, একটি বেলপাতা কিংবা একটি ফুল নিজের সামর্থ্য অনুযায়ী অর্পণ করেন। কেউ স্নান করিয়ে, বস্ত্র-অলংকারে সজ্জিত করে, নৈবেদ্যভোগ নিবেদন করে, পাখার বাতাস দিয়ে, শয়ন ও প্রভাতে জাগরণপূর্বক আরাধনা করেন ; কেউ বা নিভৃতে বসে ধ্যানের মাধ্যমে তাঁকে স্মরণ করেন। কেউ তাঁর নামগান করেন, কেউ তাঁর জন্য নৃত্য করেন, কেউ শাস্ত্রপাঠ বা মন্ত্র পাঠ করেন, কেউ জীবসেবা, অতিথিসেবা বা লোককল্যাণমূলক কর্মের মধ্য দিয়ে তাঁকে পূজা করেন।


পরমেশ্বর শিব স্বয়ং পবিত্র, তাই তাকে স্নান করিয়ে পবিত্র করবার প্রশ্ন‌ই আসে না, শিবভক্ত ব্যক্তি শুধুমাত্র প্রেম-ভক্তিবশত প্রভু শিবকে অভিষেক করিয়ে আনন্দ লাভ করেন, তার এই সেবার ভাবের মাধ্যমে প্রভু শিব‌ও আনন্দিত হন।


পরমেশ্বর শিবের দৃষ্টিতে এই বিভিন্ন উপাসনা-পদ্ধতির বাহ্যিক পার্থক্য মুখ্য নয়। তিনি বিচার করেন না কে কত ধনসম্পদ ব্যয় করল বা কে কত জাঁকজমকপূর্ণ আচার সম্পাদন করল। তিনি দেখেন ভক্তের হৃদয়ে কতখানি নিষ্ঠা, প্রেম, বিশ্বাস ও আত্মসমর্পণ বিদ্যমান। তাই ভক্ত তাঁকে যে রূপে, যে পদ্ধতিতে এবং যে উপাচারেই আহ্বান করুন না কেন, পরমেশ্বর শিব সেই ভক্তির ভাবকেই গ্রহণ করেন।

এই কারণেই শিবমহাপুরাণের এই শিক্ষা আমাদের জানায় যে, শিবপ্রাপ্তির মূল ভিত্তি বাহ্যিক আড়ম্বর নয় ; বরং আন্তরিক ভক্তি, নির্মল হৃদয় এবং অকৃত্রিম আত্মসমর্পণ। ভক্তির সঙ্গে অর্পিত একটি বেলপাতা বা এক ফোঁটা জলও শিবের নিকট অসীম মূল্যবান, কারণ তিনি উপাচারের বাহ্যরূপ নয়, ভক্তের হৃদয়ের ভক্তির প্রেম ও সমর্পণকেই গ্রহণ করেন।

তাই যারা ভক্তের পূজার বাহ্যিক উপাচারের উপরেই ঈশ্বরের আগ্রহ আছে বলে ভাবেন তারা নিতান্তই অল্পবুদ্ধিযুক্ত ব্যক্তি। পরমেশ্বর শিব হলেন মহানতার প্রকৃষ্ট প্রতিমূর্তি, তাই তিনি আমাদের সকলের পরমপ্রভু বিশ্বেশ্বর মহাদেব।


__________________________________________

🚩 তথ্য সংগ্রহ ও লেখনীতে : শিবালয় প্রতিষ্ঠাতা শিবদ্বারাধীশাধ্যক্ষ দেশিক আচার্যপরমাধিকারী শ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্যদেব 🚩 

©️ কপিরাইট ও প্রচারে : Shivalaya 🔥 


শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩 

ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩 


 #সনাতনধর্ম #শিবালয় #shiva #শিবভক্তি #পরমেশ্বরশিব #Shivalaya #শিবভক্ত #mahadev  #শৈবধর্ম

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ