বেদে মূর্তি পূজোর বিধি নেই বলে দাবী করা দয়ানন্দের মতের খণ্ডন—

 ---🔻বেদে মূর্তি পূজোর বিধি নেই বলে দাবী করা দয়ানন্দের মতের খণ্ডন—


❌ দায়ানন্দের দাবী—

দয়ানন্দ বলেছেন বেদে মূর্তি পূজা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ ব্রহ্মের স্থলে জড় পদার্থ বা মূর্তিকে উপাসনা করা নিষিদ্ধ। (সত্যার্থ প্রকাশ/একাদশ সমুল্লাস)


✅শৈবপক্ষ দ্বারা খণ্ডন— বেদে ঈশ্বরের পূজা ও মূর্তিপূজা নিয়ে বহু মতবিরোধ রয়েছে। বিশেষ করে দয়ানন্দের মত অনুযায়ী, বেদে মূর্তি পূজা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ ব্রহ্মের স্থলে জড় পদার্থকে উপাসনা করা শাস্ত্রসম্মত নয়। তবে শাস্ত্র, বেদ, গীতা এবং প্রমাণসূত্র বিশ্লেষণ করলে দেখা যায়, নিষেধের লক্ষ্য শুধুমাত্র ভ্রান্ত বা অজ্ঞাত বস্তু উপাসনার প্রতি, সঠিকভাবে কল্পিত ঈশ্বরের সাকার রূপে পূজা এতে পড়েনা। তাই এই আলোচনাতে আমার সামান্য ব্যাখ্যা দ্বারা মূলত প্রমাণ করবো যে— বেদে সঠিকভাবে ঈশ্বরের সাকার রূপে মূর্তিপূজা সম্পূর্ণ বৈধ এবং শাস্ত্রসম্মত।

🔴দয়ানন্দ নিষেধের লক্ষ্য ভুল বুঝিয়েছে সকলকে—

বেদে যে নিষেধ উল্লেখ আছে—

“যাহারা ব্রহ্মের স্থানে অসন্তুতি বা জড় পদার্থকে উপাসনা করে তারা অন্ধকারে নিমগ্ন”

কিন্তু, এর মূল উদ্দেশ্য হলো ভ্রান্ত বা জড় বস্তুকে উপাসনা না করা, ঈশ্বরের সাকার রূপ বা ভক্তিমূলক মূর্তিপূজা নয়। দয়ানন্দ মূলত ছলনার প্রয়োগ করেছে। অর্থাৎ, স্পষ্ট বাক্যের মূল অর্থকে বাদ দিয়ে অন্য অর্থ দ্বারা বিরোধ করা। 

দয়ানন্দের বক্তব্য- “বেদে জড় পদার্থ উপাসনা নিষিদ্ধ, তাই মূর্তিপূজা নিষিদ্ধ।” 

কিন্তু, দয়ানন্দের এই দাবীকে ন্যায় অনুযায়ী বাক-ছল বলে গণ্য করা হয়। ন্যায়সূত্রকার বলেছেন-  

‘‘অবিশেষাহিতেহর্থে বক্তুরভিপ্রায়াৎ অর্থান্তরকল্পনা বাক্চ্ছলম্’’ (ন্যায়সূত্র-১/২/৫৩)

যখন একটা শব্দ দ্ব্যর্থক বা অস্পষ্ট হয়, তখন বক্তার আসল অর্থ বাদ দিয়ে, অন্য একটা অর্থ ধরে বিরোধিতা করা।

উদাহরণ—

কেউ বলল— “গঙ্গায় স্নান করো।”

আসল উদ্দেশ্য নদী ‘গঙ্গায়’।

কিন্তু প্রতিপক্ষ বলল— “গঙ্গা তো এক নারীও বটে (শব্দের আরেক অর্থ)। তাহলে কি সেই নারীর মধ্যে স্নান করতে হবে?”
এটা হলো বাক্-ছল অর্থান্তর কল্পনা।

দয়ানন্দের দাবীতে- ‘জড় পদার্থ’ কথাটির মূল উদ্দেশ্য ছিল অজ্ঞাত বা ভ্রান্ত বস্তু যেমন, গাছ, পাথর, পুতুলকে আসল ঈশ্বর ভেবে পূজা করা। কিন্তু, দয়ানন্দ এই নিষেধকে ‘মূর্তি’ শব্দে টেনে এনে বললেন— মূর্তিই যেহেতু জড়, তাই মূর্তি পূজা মানেই জড় পদার্থ পূজা।
এটা হলো বাক্-ছল, শব্দের অস্পষ্টতা ধরে অর্থান্তর করে বিরোধিতা।

👉 যেমন ছান্দোগ্য উপনিষদ স্পষ্ট করে বলছে—

“ন বৈ বাচো ন চক্ষূঁষি ন শ্রোত্রাণি ন মনঃ, প্রাণা ইত্যেবাচক্ষতে, প্রাণোহ্যেবৈতানি সর্বাণি ভবতি।” [ছান্দোগ্য ৫/১/১৫]

অর্থাৎ, বাক্, চক্ষু, শ্রোত্র, মন এরা আলাদা আলাদা শক্তি কিন্তু, এরা নিজেরা কিছুই নয়, প্রাণেই এদের আসল তাৎপর্য। প্রাণ প্রবেশ করলে এরা সচল, প্রাণ চলে গেলে এরা নিষ্প্রভ। তাই মূলত প্রাণই শ্রেষ্ঠ, প্রাণই আসল।

ঠিক সেইভাবে, প্রতিমাও প্রথমে জড় (মাটি/পাথর/ধাতু) হলেও, প্রাণপ্রতিষ্ঠার মাধ্যমে তা প্রাণময় ও পূজনীয় হয়ে ওঠে।
অতএব, জড় বস্তু উপাসনার অযোগ্য এই আপত্তি আসলে ভিত্তিহীন।

দয়ানন্দের আপত্তি হলো- জড় বস্তু উপাসনার অযোগ্য। কিন্তু ছান্দোগ্য বলে, প্রাণ প্রবেশ করলে জড়ও পূর্ণ অর্থ পায়। প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠা হলে, তা পূজার যোগ্য হয়।

গীতায় বলা হয়েছে—

“যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্‌”।।
[ভগবদগীতা/অধ্যায় ৪/১১]

ভক্তরা আমাকে যেভাবে উপাসনা করে, আমি তাদের সেভাবে ফল প্রদান করি।।
অর্থাৎ, ভক্তির প্রকৃতি অনুযায়ী ঈশ্বরের প্রতিফলন প্রদর্শন করে।

যেমন- চিত্রশিল্পী নিজের ভাবনা ও সৃজনশীলতাকে রঙ, তুলি ও ক্যানভাসের মাধ্যমে চিত্রে ফুটিয়ে তোলে, তেমনি সাধারণ মানুষও শাস্ত্রে বর্ণিত পরমেশ্বরের সাকার রূপকে নিজের কল্পনা ও ভক্তির মাধ্যমে মূর্তিতে রূপান্তরিত করেন। সেই মূর্তির মাধ্যমে তারা পূজা, অর্চনা ও আনুষ্ঠানিক ভক্তি প্রকাশ করে।
সুতরাং, “বেদে মূর্তি পূজা নিষিদ্ধ” বা নেই এ ধরনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও ছলনাময়। মূর্তিপূজা শাস্ত্রসম্মত এবং ভক্তির প্রাকৃত প্রকাশ হিসেবে গ্রহণযোগ্য।

একমেবাদ্বিতীয়ম”
[ছান্দোগ্য উপনিষদ/৬/২/১] ব্রহ্ম এক ও অদ্বিতীয়।
সনাতন ধর্ম একেশ্বরবাদে বিশ্বাসী। অর্থাৎ পরমেশ্বর এক পরশিবই বটে, অন্যান্য সবকিছু সেই পরশিবেরই প্রকাশ। তৃণের গুচ্ছ থেকে শুরু করে ব্রহ্মাদি (ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র) দেবতা পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন তিনিই পরমেশ্বর শিব। "অণোরণিয়ান্‌" থেকে শুরু করে "মহিমানমীশঃ" [শ্বেতাশ্বতর উপনিষদ/৩/২০], [কঠ উপনিষদ/১/২] এই পর্যন্ত সম্পূর্ণ প্রাণিদের হৃদয়রূপী গুহাতে ঈশ অন্তর্বর্তী হয়ে অবস্থান করেন আর সেই ঈশের অনুগ্রহতে উপাসক সকল প্রকার দূঃখ থেকে রহিত হয়ে পরমাত্মার সাক্ষাৎকার করে নেয়। এই ঈশের মহত্বের বর্ণন করার উপক্রম করে আবার সামনে অপরা শক্তিবিশিষ্ট সেই পরমেশ্বরই জগতের উপাদান কারণ, এমন প্রতিপাদন করে, যিনি বিশ্বাধিক ও সর্বজ্ঞ, সেই ঈশ'ই প্রপঞ্চ থেকে শুরু করে হিরণ্যগর্ভ পর্যন্ত সবকিছুর সৃষ্টি করেছেন, এমন বলার কারণে সেই ঈশ্বর জগতের নিমিত্ত কারণও বটে ইহা স্পষ্ট হয়।

একই ভাবে ঈশ্বর সবকিছুর মধ্যেই বিরাজমান এই ভাবনা অনুযায়ী যদি ঈশ্বরের ইষ্টকা বা মৃত্তিকা নির্মিত মূর্তিতে বেদ মন্ত্র পাঠ অনুযায়ী নিজের সমর্পণ প্রদর্শন করা যায় তবে বেদের বিরুদ্ধ হয় না। বরং ভক্ত ও ঈশ্বরের সুন্দর সম্পর্কের প্রতিফলন হয়।

তাই মূর্তি পূজোর বিধি বেদে নেই এমন দাবী করা একচেটিয়া সিদ্ধান্ত মাত্র।

এখানে জড় পদার্থ মানেই যদি মূর্তি হতো তবে বেদে- “নমো বিরূপেভ্যো বিশ্বরূপেভ্যশ্চ বো নমঃ” (যজু/১৬) বলে পরমেশ্বর শিবের স্তুতি করতো না।
অর্থাৎ- পরমেশ্বর শিব জগতের সকল বিকৃত রূপ ও বিশ্বের সকল রূপে বিরাজমান। 

👉ন্যায় অনুযায়ী এখানে দয়ানন্দের দ্বিতীয় ছলনা ধরা পড়ে—

ন্যায়সূত্রাকার বলছেন—
‘‘সম্ভবতোহর্থস্য অতিসামান্যযোগাৎ অসম্ভূতার্থকল্পনা সামান্যচ্ছলম্’’। (ন্যায়সূত্র-১/২/৫৪)

যখন বক্তা কোনো পদার্থ বোঝাতে একটা বিশেষ ধর্ম (লক্ষণ) উল্লেখ করেন, আর প্রতিপক্ষ সেই ধর্মটা ধরে এমন কিছুর সঙ্গে মিলিয়ে দেয়, যেখানে সেটি অসম্ভব।

উদাহরণ—

বক্তা বলল— “অগ্নি উষ্ণ।”

প্রতিপক্ষ বলল— “রাগও তো উষ্ণ হয়, তাহলে কি রাগও অগ্নি?”

এখানে “উষ্ণতা” নামক ধর্মটা অনেক জিনিসে আছে। অগ্নি বোঝাতে উষ্ণতা বলা হয়েছিল, কিন্তু প্রতিপক্ষ তা ধরে অন্যত্র টেনে নিয়েছে। এটাই হলো সামান্য-ছল।

দয়ানন্দ ‘জড় ধর্ম’কে অতিসাধারণভাবে ধরে নিয়েছেন।
যা কিছু কাঠ/পাথর সবই জড়, তাই সব পূজা নিষিদ্ধ এমন সাধারণ ধর্ম ধরে তিনি অসম্ভব সিদ্ধান্তে গেছেন।
এটাই সামান্য-ছল।

◾বেদে অনুমোদিত সাকার পূজা উপেক্ষিত—

মীডুষ্টম শিবতম শিববা নঃ সুমনা ভব। পরমে বৃক্ষ আয়ুধং নিধায় কৃত্তিং বসান আ চর পিনাকং বিভ্ৰদা গহি"।।
[যজুর্বেদ/অধ্যায়/১৬/৫১]

উব্বট ভাষ্য— কৃত্তিং চর্ম বসানঃ। পিনাকং বিভ্রত্‌ পিনাকং কোদণ্ডঃ তং ধারয়ন্।।

মহীধর ভাষ্য— কৃত্তি চর্ম বসানঃ পরিদধানঃ সন্‌ আচর আগচ্ছ তপশ্চরেতি বা। আগচ্ছন্নপি পিনাকং ধনুর্বিভ্রত্‌ ধারয়ন্সন্‌ আগহি আগচ্ছ।।

ভাষ্যার্থ—  “কৃত্তি” অর্থাৎ চর্ম (ব্যাঘ্রচর্ম) সেটি যিনি পরিধান করেছেন, তিনিই কৃত্তিবাস।
“পিনাক” অর্থাৎ ধনু বা কোদণ্ড সেটি ধারণকারী তিনি পিনাকধারী।

এই কৃত্তিবাস পিনাকধারী প্রভু শিব যেন সেই চর্ম পরিধান করে আচার বা যজ্ঞস্থলে আগমন করেন, অথবা তপস্যা সম্পাদন করেন। এমনকি আগমনের সময়ও তিনি যেন হাতে পিনাকধনু ধারণ করে থাকেন এবং সেই অবস্থাতেই “আগহি আগচ্ছ” (হে প্রভু শিব, এসো!) বলা হয়েছে।

অর্থাৎ- ব্যাঘ্রচর্মপরিহিত, পিনাকধারী পরমেশ্বর শিবকে উদ্দেশ্য করে বলা হচ্ছে— “হে প্রভু, তুমি ব্যাঘ্রচর্ম পরিধান করে, হাতে পিনাকধনু ধারণ করে আমাদের যজ্ঞস্থানে আগমন করো বা তপস্যার স্থানে উপস্থিত হও।”

এই দুটি ভাষ্যেই একবাক্যে বলা হয়েছে—

“কৃত্তি” অর্থ চর্ম।
“পিনাক” অর্থ ধনু।
এবং উভয়ই রুদ্র/শিবের লক্ষণ।

👉 একই মন্ত্রের ভাষ্যে তৈত্তিরীয় সংহিতার ৪/৫/১০-শে সায়ণাচার্য বলেছেন—

“কৃত্তি বসানো ব্যাঘ্রচর্মমাত্রং পরিদধান আচরাস্পদাভিমুখ্যেনাঽঽগচ্ছ। আগচ্ছন্নপি পিনাকং বিশ্বদ্ভূষণার্থং ধনুমাত্রং হস্তে ধারয়ন্বাণাদিক পরিত্যজ্যাঽঽগহ্যগচ্ছ” ।।

অর্থ— “ব্যাঘ্রচর্ম পরিধানকারী হে প্রভু! তুমি তোমার পিনাকধনু হাতে নিয়ে, কিন্তু বাণাদি অস্ত্র ত্যাগ করে, আমাদের যজ্ঞস্থানে আগমন করো।”

“ত্রিনেত্র, নীলকণ্ঠ, কৈলাসনিবাসী, পিণাকী, কৃত্তিবাসা, কপর্দ্দী” (যজু/১৬) রূপে হোম/পূজা, এগুলো সাকার ঈশ্বরের পূজার স্পষ্ট নির্দেশ।

বেদে যেমন “হবিষ্মন্তঃ সদ্‌মিৎ ত্বা হবামহে” (যজু/১৬/১৬), (ঋগ্বেদ ১/১১৪/৮) ধরনের মন্ত্র রয়েছে, যা সাকার ঈশ্বরের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। অর্থাৎ, যজমান নিজের সকল বাঁধা বিপত্তির দূরীকরণ ও সুখ প্রাপ্তির জন্য সেই রুদ্রকে আহুতি দিচ্ছে যিনি- নীলকন্ঠ, ত্রিনেত্রধারী, কৈলাসনিবাসী, উমাপতি পরমেশ্বর শিব। পূর্বমীমাংসা ১/২/৩৮ নং সূত্রে মহর্ষি জৈমিনি বলেছেন- “অভিজ্ঞেয়াৎ” অর্থাৎ, অর্থ নির্ধারণ করতে হয়, প্রসঙ্গ দ্বারা। আর সম্পূর্ণ শতরুদ্রীয় প্রসঙ্গে স্পষ্ট ভাবেই উল্লেখ আছে পরমেশ্বর শিবের সাকার স্বরূপের। যে স্বরূপকে উদ্দেশ্য করে আহুতি দেওয়া হচ্ছে, বন্দনা করা হচ্ছে, নমস্কার জানানো হচ্ছে। সাকার মানে কোনো নির্দিষ্ট রূপ বা মূর্তি ধারণ, তাই এই মন্ত্র দ্বারা মূর্তির উদ্দেশ্যে হোম বা অর্চনা করা শাস্ত্রসম্মত। তাই, বেদে মূর্তি পূজার বিধি নেই বলাটা অযৌক্তিক, কারণ বেদ নিজেই সাকার ঈশ্বরের পূজা ও সমর্পণের প্রমাণ দেয়। মূর্তির মাধ্যমে ভক্তি প্রকাশ করা বেদের সঙ্গে বিরোধী নয়, বরং বেদের ভক্তিমূলক দিকের প্রকাশ।

সুতরাং, বেদে সঠিকভাবে ঈশ্বরের রূপে পূজা করার অনুমতি আছে, যা দয়ানন্দের দাবিকে মিথ্যা প্রমাণ করে।

এছাড়াও “ত্র‍্যাম্বকং যজামহে" এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা স্পষ্ট জানান দেয় আমরা ত্র‍্যাম্বকং অর্থাৎ তিনচোখ সম্পন্ন শিবের যজনা করি। অমরকোষ, স্বর্গবর্গ ২১ শে অমরসিংহ “ত্র‍্যাম্বক” শব্দের অর্থে- ‘তিন চোখ সম্পন্ন’, ‘তিন লোকের পিতা’ অর্থকে গ্রহণ করেছেন। আচার্য সায়ণও একই অর্থকে গ্রহণ করেছেন। 

পাণিনি ধাতুপাঠ (১.১১৫৭)—
“যজ্ দেবপূজা-সঙ্গতি-করন-দানেষু।”
অর্থাৎ √যজ্ ধাতুর অর্থ কেবল যজ্ঞ নয় পূজা, সঙ্গতি ও দান অর্থেও ব্যবহৃত হয়।

সুতরাং এর থেকেও প্রমাণিত হয় বেদে ঈশ্বরের সাকার স্বরূপের পূজোর উল্লেখ আছে। আর সেই সাকার স্বরূপকে আমরা মূর্তিতে কল্পনা করি।

তাই—

“প্রত্যক্ষানুমানাগমাঃ প্রমাণানি”। ৭।
[পাতঞ্জল যোগদর্শন/সমাধিপাদ/৭ নং সূত্র]

প্রত্যক্ষ, অনুমান ও আগম, এই তিন প্রকার মাত্র প্রমাণ বৃত্তি আছে।

এবং ন্যায়দর্শনও বলছে—

‘প্রত্যক্ষানুমানোপমানশব্দাঃ প্রমাণানি’।। 
[ন্যায়সূত্র-১/১/৩]

প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ নামে প্রমাণপদার্থ চতুর্বিধ।

যেহেতু অনুমানও শাস্ত্র অনুযায়ী প্রমাণের স্বীকৃত মাধ্যম, তাই আমরা বেদের নির্দেশও অনুমানের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। উদাহরণস্বরূপ, বেদের যে মন্ত্রগুলোতে পরমেশ্বর শিবের সাকার রূপে যজনা, হোমে আহুতি, বা প্রতিমা-সমর্পণ উল্লেখ আছে, তা অনুমান ও শাস্ত্রের আলোকে বোঝায় যে এই পূজা সঠিক এবং বৈধ।

এখানে মূল যুক্তি হলো— যে কোন প্রমাণ (প্রত্যক্ষ বা অনুমান) শাস্ত্রের দ্বারা স্বীকৃত, তা যথার্থ ও গ্রহণযোগ্য। বেদে যেমন “ত্রিনেত্র, নীলকণ্ঠ, কৈলাসনিবাসী, পিণাকী, কৃত্তিবাসা, কপর্দ্দী” রূপে হোম বা যজনা করার নির্দেশ আছে, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রে “ত্র্যাম্বকং যজামহে” বলা হয়েছে। এগুলো স্পষ্টভাবে নির্দেশ করে যে, ঈশ্বরের সাকার রূপে পূজা ও মূর্তিপূজা বেদের অনুমোদিত কর্মকাণ্ড।

সুতরাং, অনুমান ও শাস্ত্রের ভিত্তিতে বলা যায়— বেদে মূর্তি পূজোর বিধি অজ্ঞেয় বা নিষিদ্ধ নয়, বরং স্বীকৃত এবং শাস্ত্রসম্মত। এটি প্রতিফলিত করে যে, ভক্তের মনন ও ঈশ্বরের সাকার রূপের মধ্যে সম্পর্কের প্রকাশকে বেদ অনুমোদন করে, এবং মূর্তিপূজা ভক্তিমূলক আচারের অংশ হিসেবে গ্রহণযোগ্য।

◾শাস্ত্র অনুযায়ী মূর্তিপূজা নিষিদ্ধ নয়, বরং অনুমোদিত—

নিষেধ শুধু ভ্রান্ত বা জড় উপাদানের প্রতি, সঠিক ঈশ্বরের পূজা বা মূর্তিপূজা এতে পড়ে না।

সঠিকভাবে কল্পিত মূর্তি বা প্রতিমা ব্যবহার করে পূজা বেদের সঙ্গে সংগত ও শাস্ত্রসম্মত।

দয়ানন্দের দাবী অসঙ্গত কারণ, তিনি বেদের নিষেধকে সর্বমূর্তিপূজা নিষিদ্ধ হিসেবে তুলে ধরেছেন, কিন্তু বেদে স্পষ্টভাবে অনুমোদিত সাকার ঈশ্বরের পূজা ও মূর্তিপূজা রয়েছে।

👉আর এখানে দয়ানন্দের ৩য় ছল উন্মোচিত হয়—

‘‘ধর্ম্মবিকল্প-নির্দ্দেশেহর্থ-সদ্ভাব-প্রতিষেধ উপচারচ্ছলম্’’। (ন্যায়সূত্র-১/২/৫৫)

যখন কোনো শব্দকে রূপক/গৌণ অর্থে ব্যবহার করা হয়, তখন প্রতিপক্ষ সেটা শাব্দিক/মুখ্যার্থ ধরে বিরোধিতা করে।

উদাহরণ—

কেউ বলল— “রাজা সিংহ।” (অর্থাৎ তিনি সিংহের মতো সাহসী। এখানে ‘সিংহ’ উপচার/রূপক।)

প্রতিপক্ষ বলল— “না, রাজা তো চার পেয়ে জন্তু নয়।”
এখানে আসল রূপক অর্থ বাদ দিয়ে সরাসরি মুখ্য অর্থে ধরে বিরোধিতা করা হচ্ছে। এটাই হলো উপচার-ছল।

👉 ভক্তরা মূর্তিকে উপচার/প্রতীক মানে, ঈশ্বরের আসন হিসেবে কল্পনা করে পূজা করে। কিন্তু, দয়ানন্দ এটাকে সরাসরি কাঠ/পাথরের মূর্তিই ধরে নিয়ে বলছেন— “জড় বস্তু পূজা হচ্ছে।” এখানে তিনি উপচার অর্থ বাদ দিয়ে মুখ্য অর্থে বিরোধ তুলেছেন। এটাই উপচার-ছল।

👉 দয়ানন্দের দাবি যে “বেদে মূর্তি পূজা সম্পূর্ণ নিষিদ্ধ”, তা আসলে ন্যায়দর্শনের তিন প্রকার ছল-এর উপর দাঁড়িয়ে আছে—

১. বাক্-ছল → জড় শব্দের অন্য অর্থ টেনে নেওয়া।

২. সামান্য-ছল → জড় ধর্ম ধরে মূর্তিপূজাকে ভ্রান্ত দেখানো।

৩. উপচার-ছল → রূপক অর্থ বাদ দিয়ে মুখ্য অর্থে বিরোধ।

🔵ন্যায়সূত্রের পরিপ্রেক্ষিত—

“প্রতিজ্ঞা-হেতু-দাহরণ-উপনয়ন-নিগমনানি অবয়বাঃ।”
[ন্যায়/১/১/৩২]

“প্রতিজ্ঞা (দাবি), হেতু (কারণ), উদাহরণ, উপনয় (প্রয়োগ), নিগমন (উপসংহার) এই পাঁচটি যুক্তির অঙ্গ।”

এই পাঁচটি অঙ্গ উপস্থিত না থাকলে সেই যুক্তি ত্রুটিযুক্ত বলে বিবেচিত হয়। যেখানে প্রতিজ্ঞা (দাবি) থাকলেও হেতু বা উদাহরণ না থাকে, সেখানে সেই যুক্তিকে বলা হয় “অননুগ্রাহ্য প্রতিজ্ঞা” (unsupported assertion)।

◾প্রতিজ্ঞা (দাবি)—

দয়ানন্দের মূল দাবী— “বেদে মূর্তি পূজা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ ব্রহ্মের স্থানে জড় পদার্থ বা মূর্তিকে উপাসনা করা শাস্ত্রসম্মত নয়।”

বিচার- এটি প্রতিজ্ঞা বা দাবির অংশ। তবে শুধুমাত্র দাবিই যথেষ্ট নয়, যথাযথ হেতু, উদাহরণ এবং উপসংহার ছাড়া এটি অননুগ্রাহ্য প্রতিজ্ঞা।

◾হেতু (কারণ)—

দয়ানন্দের দেওয়া হেতু— “যেহেতু মূর্তি জড় পদার্থ, তাই মূর্তিপূজা হলো জড় পদার্থ উপাসনা, যা বেদে নিষিদ্ধ।”

বিচার- এখানে তিনি একটি সাধারণীকরণ করেছেন- সকল জড় বস্তু = মূর্তিপূজা নিষিদ্ধ।

ন্যায়ের দিক থেকে হেতু হিসেবে এটি ত্রুটিপূর্ণ, কারণ বেদে “জড়” বলতে শুধুমাত্র ভ্রান্ত বা অজ্ঞাত বস্তু বোঝানো হয়েছে, সঠিকভাবে কল্পিত ঈশ্বরের সাকার রূপ এতে পড়ে না।

◾উদাহরণ (দৃষ্টান্ত)—

শৈবপক্ষের প্রতিশ্রুত উদাহরণ—“ত্রিনেত্র, নীলকণ্ঠ, কৈলাসনিবাসী, পিণাকী, কৃত্তিবাসা, কপর্দ্দী” রূপে হোম/যজনা। [যজু/শতরুদ্রীয়/অধ্যায় ১৬]

“ত্র্যাম্বকং যজামহে” (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)।

√যজ্ ধাতুপাঠ- “যজ্ = পূজা, সঙ্গতি, দান”।

বিচার- দয়ানন্দ উদাহরণ দিতে ব্যর্থ, কারণ তার দাবীকে সমর্থন করার মতো কোনো স্পষ্ট শাস্ত্র বা মন্ত্রের উদাহরণ নেই। শাস্ত্র-বিশ্লেষণ ও অনুমানের মাধ্যমে দেখা যায়, মূর্তিতে ঈশ্বরের পূজা বৈধ।

◾উপনয়ন (প্রয়োগ)—

ন্যায়ের প্রক্রিয়ায় উপনয়ন হল হেতু ও উদাহরণকে দাবির সাথে যুক্ত করে প্রয়োগ করা।

শৈবপক্ষের যুক্তি অনুযায়ী— হেতু- বেদে নিষেধ শুধু ভ্রান্ত বা অজ্ঞাত বস্তু উপাসনার জন্য।

উদাহরণ- সাকার ঈশ্বরের পূজা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যজু/১৬-এর সাকার আহুতি।

উপনয়ন- সাকার ঈশ্বরের পূজা/মূর্তিপূজা বেদের উদ্দেশ্য ও অনুমোদিত কার্যক্রমের মধ্যে পড়ে।

বিচার- দয়ানন্দ উপনয়ন ব্যর্থ করেছেন, কারণ তিনি “সকল জড় বস্তু” ধরে এবং মূর্তিপূজাকে সরাসরি নিষিদ্ধ হিসেবে যুক্ত করেছেন।

◾নিগমন (উপসংহার)—

ন্যায়ের ভিত্তিতে নিগমন হবে- “যেহেতু দয়ানন্দের হেতু (সকল জড় = নিষিদ্ধ) ভুল, এবং বেদে সাকার ঈশ্বরের পূজা ও মূর্তিপূজা অনুমোদিত, তাই দয়ানন্দের দাবী মিথ্যা।”

👉 ন্যায়ের পদ্ধতি অনুসারে, দয়ানন্দের “বেদে মূর্তি পূজা নিষিদ্ধ” দাবী ত্রুটিপূর্ণ এবং শাস্ত্র-বিরুদ্ধ।
সঠিকভাবে কল্পিত ঈশ্বরের সাকার রূপে মূর্তিপূজা বেদে অনুমোদিত ও বৈধ।

✅সুতরাং— দয়ানন্দের দাবী যে “বেদে মূর্তি পূজা সম্পূর্ণ নিষিদ্ধ” তা শাস্ত্র, বেদ ও গীতার নির্দেশের সঙ্গে সংগত নয়। বেদে নিষেধ শুধুমাত্র ভ্রান্ত, জড় বা অজ্ঞাত বস্তু উপাসনা করার বিরুদ্ধে, সঠিকভাবে কল্পিত ঈশ্বরের সাকার রূপে পূজা এতে পড়েনা। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, “ত্রিনেত্র, নীলকণ্ঠ, কৈলাসনিবাসী” রূপের হোম ও যজনা, এবং √যজ্ ধাতুর ব্যাখ্যা সবই নির্দেশ করে যে, সাকার ঈশ্বরের পূজা ও মূর্তিপূজা বেদের অনুমোদিত ও শাস্ত্রসম্মত কার্য।
অতএব, সঠিকভাবে কল্পিত মূর্তিতে ঈশ্বরের পূজা করা বেদের বিধির বিরুদ্ধে নয়, বরং ভক্তি ও ঈশ্বরের সুন্দর সম্পর্কের স্বীকৃতি, যা শাস্ত্রসম্মত এবং যুক্তিসঙ্গত।


          🙏“সর্বে হ্যেষ রুদ্রস্তস্মৈ রুদ্রায় নমো অস্তু”🙏


নমঃ শিবায় 🙏
নমঃ শিবায়ৈ🙏
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে ✊🚩

✍️অপপ্রচার দমনে— অন্তিক ভট্টাচার্য্য (শম্বরনাথ শৈব)

🌻বিশেষ কৃতজ্ঞতা— আমার গুরু শ্রী নন্দীনাথ শৈবাচার্য ও আমার আদর্শ শ্রী রোহিত কুমার চৌধুরী শৈবজী।

কপিরাইট ও প্রচারে— আন্তর্জাতিক শিবশক্তি জ্ঞান তীর্থ (International Shiva Shakti Gyan Tirtha)

বিঃ দ্রঃ — লেখাটি অনুকরণ করলে সম্পূর্ণ করবেন, কোনো রকম কাটছাট গ্রহণযোগ্য নয়।






শিবঃ ওঁ......🙏

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ