শনিদেব — পরমেশ্বর শিবের ভক্ত

 


শনিদেব — পরমেশ্বর শিবের ভক্ত
__________________________________

🔰ভূমিকা —

বর্তমান সময়ে বেশিভাগ ব্যক্তি শাস্ত্র অধ্যয়ন না করেই ধর্মবিষয়ে নিজের সীমিত বুদ্ধির মানদণ্ডে কল্পিত সিদ্ধান্ত প্রচার করে বলেন, যে ব্যক্তি যে দেবদেবীর ভক্ত, সেই ভক্তের কাছে সেই দেবদেবী‌ই একমাত্র সর্বোচ্চ পরমসত্তা ব্রহ্ম বলে স্বীকৃত হ‌ওয়াই সনাতন ধর্মের সিদ্ধান্ত। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ পরমেশ্বর এক ও অদ্বিতীয়, তিনি বিভিন্ন দেবদেবীর রূপ ধারণ করে লীলা করেন মাত্র, সেই লীলাবশে তিনি নিজের মূল সত্তাকে তার‌ই প্রকটিত দেবদেবী রূপের  দ্বারা আরাধনা করিয়ে নিজের মূল সত্তার প্রাধান্যতা সমগ্র সংসারের সামনে তুলে ধরেন। তাই যেকোনো দেবদেবীকে সর্বোচ্চ পরম সত্তা বলে ঘোষণা করা শাস্ত্রবিরুদ্ধ। সকল দেব-দেবী এক পরমসত্তা মহাদেবের উপাসনা করেন, মহাদেব সকল দেবদেবীর রূপ ধারণ করলেও, সেই দেবদেবীদের একটি সীমাবদ্ধতা তিনিই নির্দিষ্ট করেছেন। ফলে প্রত্যেক দেব-দেবী মহাদেবের উপরেই নির্ভরশীল। এই কারণে আমরা শাস্ত্রে দেখি সকল দেব-দেবী পরমেশ্বর শিবের কৃপায় উৎকৃষ্ট পদ ও ঐশ্বর্য লাভ করেছেন।
আজকের আলোচনা সেই দেবদেবীদের মধ্য থেকে শনিদেবকে নিয়ে। শনিদে ব পরমেশ্বর শিবের ভক্তি ও অর্চনা করে গ্রহরাজ হয়েছেন।
__________________________________

🕉️ প্রসঙ্গ : শনিদেব — পরমেশ্বর শিবের ভক্ত


♦️ শনিদেবের প্রাথমিক পরিচয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা —
মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র হলেন সূর্যদেব। আর প্রজাপতির ত্বষ্টা (বিশ্বকর্মা) -র কন্যা সংজ্ঞা দেবী হলেন সূর্যদেবের পত্নী।[স্কন্দমহাপুরাণ/কাশীখণ্ড/পূর্বার্দ্ধ/১৭ অধ্যায়/৬৯ শ্লোক]

সূর্য ও সংজ্ঞার জ্যেষ্ঠ পুত্র বৈবস্বত মনু, কনিষ্ঠ যমরাজ  ও যমুনা নামের এক কন্যা সন্তান জন্ম নেন [স্কন্দমহাপুরাণ/কাশীখণ্ড/পূর্বার্দ্ধ/১৭ অধ্যায়/৭৪-৭৫ শ্লোক]

এরপর, দেবী সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে না পেরে মায়া দ্বারা নিজের মতোই আরেকটি সংজ্ঞাদেবী প্রকট করেন, তার নাম ছায়া। [স্কন্দমহাপুরাণ/কাশীখণ্ড/পূর্বার্দ্ধ/১৭ অধ্যায়/৭৬ শ্লোক]

এই ছায়া দেবীকে সূর্যের কাছে রেখে দেবী সংজ্ঞা নিজের পিতা বিশ্বকর্মার গৃহে চলে যান। [স্কন্দমহাপুরাণ/কাশীখণ্ড/পূর্বার্দ্ধ/১৭ অধ্যায়/৮২ শ্লোক]

তখন সূর্যদেব ছায়াদেবীকে নিজ পত্নী সংজ্ঞা বলে ভেবে তার মাধ্যমে - প্রথম পুত্র অষ্টম মনু সাবর্ণি, দ্বিতীয় পুত্র শনিদেব, আর তপতী নামক কন্যাকে জন্ম দেন।
[স্কন্দমহাপুরাণ/কাশীখণ্ড/পূর্বার্দ্ধ/১৭ অধ্যায়/৯৫-৯৬ শ্লোক]
__________________________________

🪐 সূর্যপুত্র শনিদেবের শিবভক্তির বর্ণনা —

এবং শনৈশ্চরো জজ্ঞে সবর্ণায়াং বিবস্বতঃ ।
সোঽথ বারাণসীং গত্বা সৰ্বত্রিদশবন্দিতাম্ ॥ ১২৫ ॥
তপ্ত্বা তপোঽতিবিপুলং লিঙ্গং সংস্থাপ্য শাঙ্করম্ ।
ইমং লোকমবাপোচ্চৈগ্রহত্বঞ্চ হরার্চ্চনাৎ ॥ ১২৬ ॥
শনৈশ্চরেশ্বরং দৃষ্ট্বা বারণস্যাং সুশোভনম্ ।
শনিবাধা ন জায়েত শনিবারে তদর্চ্চনাৎ ॥ ১২৭ ॥ বিশ্বেশাব্দ্দক্ষিণে ভাগে শুক্রেশাদুতত্তরেণ হি । শনৈশ্চরেশমভ্যর্চ্চ্য লোকেঽত্র পরিমোদতে ॥ ১২৮ ॥

[স্কন্দমহাপুরাণ/কাশীখণ্ড/পূর্বার্দ্ধ/১৭ অধ্যায়/১২৫-১২৮ শ্লোক]

✅ অর্থ : পূর্বে বর্ণিত মতে, সবর্ণা ছায়ার গর্ভে সূর্যদেবের ঔরসে শনিদেব (শনৈশ্চর) জন্মগ্রহণ করেন। এরপর তিনি সকল দেবতার দ্বারা বন্দনীয় ও পূজিত বারাণসীর কাশীধামে উপস্থিত হন ॥ ১২৫ ॥
একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং কঠোর তপস্যার মাধ্যমে ভগবান শিবের আরাধনা করেন। সেই শিবারাধনার ফলেই তিনি এই উচ্চ স্থান ও গ্রহত্ব লাভ করেন ॥ ১২৬ ॥
কাশীতে অবস্থিত মনোরম শনৈশ্চরেশ্বর লিঙ্গ দর্শন ও বিশেষত শনিবারে তার পূজা করলে শনিদোষ বা শনিপীড়া দূর হয় ॥ ১২৭ ॥
বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গের দক্ষিণদিকে এবং শুক্রেশ্বর শিবলিঙ্গের উত্তরদিকে অবস্থিত এই শনৈশ্চরেশ্বর লিঙ্গের পূজা করলে ভক্ত শনিলোকে সুখ ও আনন্দ লাভ করে ॥ ১২৮ ॥
__________________________________________

🔥 সিদ্ধান্ত : শিবভক্তি করে পরমেশ্বর শিবের কৃপায় দেবতাগণ দেবত্ব লাভ করেন, সম্মান, ঐশ্বর্য ও প্রাধান্যতা লাভ করেন। শনিদেব‌ও শিব উপাসনা করে গ্রহত্বের উচ্চস্থান লাভ করেছেন।
এখান থেকে প্রমাণিত হল, শনিদেব তথা দেবতারা স্বয়ং ব্রহ্ম নন, কারণ তারা পরমেশ্বর শিবের ক্ষমতার উপরেই নির্ভরশীল। পরমসত্তা ব্রহ্ম কখনোই অন্যের শক্তির উপর নির্ভরশীল হন না। তাই এখান থেকে প্রমাণিত হল যে, একমাত্র পরমেশ্বর পরমসত্তা পরমব্রহ্ম হলেন প্রভু শিব।
__________________________________________
🚩 তথ্য সংগ্রহ ও লেখনীতে : শিবালয় প্রতিষ্ঠাতা শিবদ্বারাধীশাধ্যক্ষ দেশিক আচার্যপরমাধিকারী শ্রীশ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্যদেব 🚩

©️ কপিরাইট ও প্রচারে : Shivalaya 🔥

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩
ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩

#কাশীখণ্ড #সনাতনধর্ম #শিবালয় #শিব #পরমেশ্বরশিব #স্কন্দমহাপুরাণ #Shivalaya #sanatandharma  #শনৈশ্চর #শৈবধর্ম #শনিদেব




মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ