মহর্ষি দধীচি শৈবাচার্য — এক মহান শৈবগুরু

 


🕉️ মহর্ষি দধীচি শৈবাচার্য — এক মহান শৈবগুরু 🙏
🔸 গুরু পরম্পরা : মহাপাশুপত শৈব পরম্পরা
__________________________________________
🔰 ভূমিকা — সনাতন ধর্মে ঋষিমুনিগণের অবদান অপরিসীম, মহর্ষি দধীচি হলেন তাঁদের মধ্য হতে একজন উজ্জ্বল নক্ষত্র। যার ভক্তি, সাধনা, ন্যায়বিচার, অতিথিপরায়ণতা, ধর্মে দৃঢ়তা, আত্মত্যাগের সামনে আমাদের মস্তক অবনত হয়ে আসে, তার আদর্শ আমাদের হৃদয়ে জাগায় পরমশ্রদ্ধা। কারণ, তার কৃতিত্ব আমাদের প্রত্যেক শিবভক্ত শৈব তথা সনাতনীদের দেয় সত্যের পথে এগিয়ে চলার প্রেরণা। অবিশ্বাস্য কীর্তি তিনি লাভ করেছেন, যার বর্ণনা না প্রকাশ করলে সনাতনীরা নিজেদের প্রাচীন আচার্যের গুরুসুলভ মহিমার দিব্য অমৃতের স্বাদ থেকে বঞ্চিত হবে। তাই এই প্রবন্ধে সনাতন ধর্মের একমাত্র প্রাচীন গুরু পরম্পরা মহাপাশুপত শৈব পরম্পরার আচার্য মহর্ষি দধীচি শৈবাচার্যের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলাম, যা থেকে বর্তমান যুগের মানুষ তাঁকে এবং তাঁর দেওয়া মহান শিক্ষাকে হৃদয়ে ধারণ করে।
__________________________________________

🌺 জন্ম তিথি ও অনুষ্ঠান : 


 ভাদ্রপদ শুক্লা অষ্টমীর পুণ্য তিথিতে পরমশিবভক্ত শৈবাচার্য‌ মহর্ষি দধীচির আবির্ভাব হয়েছে। ঐ তিথিতে পরবর্তীকালে কৃষ্ণ প্রেয়সী দেবী রাধাও প্রকট হয়েছিলেন, তাই এই তিথি রাধাষ্ট‌মী নামেও অভিহিত, কিন্তু শৈবদের কাছে এই তিথি - দধীচাষ্ট‌মী হিসেবে গণ্য। তাঁকে দান ও ত্যাগের প্রতীক মানা হয়। এই পবিত্র তিথিতে শিবপূজাপূর্বক মহর্ষি দধীচি শৈবাচার্যদেবের অর্চনা করলে, তাঁর মহান কীর্তি পাঠ পূর্বক আলোচনার মাধ্যমে স্মরণ করলে মানুষের অন্তরের অহংকার ও মোহ দূর হয়, পাপ নাশ হয় এবং পরোপকারের ভাবনা জাগ্রত হয়, বিশ্বে শান্তি স্থাপিত হয়। তার‌ই সাথে শিবভক্তি বৃদ্ধি পায়, শিবভক্তদের প্রতি প্রীতি সুলভ হয়, শিবজ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হয়, সর্বোপরি পরমেশ্বর শিব অত্যন্ত প্রসন্ন হন এবং শীঘ্র‌ই মোক্ষ প্রদান করেন। 

__________________________________________
🟥 পিতা-মাতা ও বংশ তথা পরিবার তথা ধার্মিক পরিচয় :


পিতা : ঋষি চ্যবন,
মাতা : শর্যাতিহ,
পিতামহ : ঋষি ভৃগু,
মাতামহ : পুলোমা,
প্রপিতামহ : প্রজাপতি ব্রহ্মা,
প্রমাতামহ : দেবী সরস্বতী,
পত্নী : সুবর্চা (গভস্তিনী/প্রাতিথেয়ী/বড়বা),
পুত্র : সুদর্শন, পিপ্পলাদ এবং সারস্বত ।

আরাধ্য ও ইষ্টদেব : শিব,

আরাধ্যা ও ইষ্ঠদেবী : শিবা,

গুরুপরম্পরা : মহা-পাশুপত শৈব গুরুপরম্পরা (নিগমাগম)

পিতামহ ব্রহ্মার পুত্র ভৃগু ঋষি, ভৃগু ও পুলোমার পুত্র মহর্ষি চ্যবন । মহর্ষি চব্যনের পুত্র হলেন মহান ঋষি দধীচি [তথ্যসূত্র: শিবমহাপুরাণ/রুদ্রসংহিতা/সতীখণ্ড/৩৮ অধ্যায়] ।

বৈবস্বত মনুর পুত্র — শর্যাতি। তাঁর কন্যার নাম ছিল সুকন্যা। এই কন্যার সাথে চ্যবন নামক ঋষির বিবাহ হয়েছিল। এনাদের সন্তান হলেন — মহর্ষি দধীচি শৈবাচার্য। তিনি দেবী সুবর্চা কে বিবাহ করেন।

ব্রহ্মপুরাণ/১১০ অধ্যায়/৫-৬ শ্লোকে বলা হয়েছে — “সুবর্চা-দেবীর আরো নাম আছে, যেমন - গভস্তিনী/বড়বা। সুবর্চা দেবী হলেন লোপামুদ্রার ভগিনী। লোপামুদ্রা দেবী হলেন মহর্ষি অগস্ত্য শৈবাচার্যের স্ত্রী।

মাতা সুবর্চা ছিলেন তাঁর স্বামীর মতোই জ্ঞানে সমৃদ্ধ। আশ্বলায়ন গৃহ্যসূত্র এবং সাংখ্যায়ন গৃহ্যসূত্রে দধীচি পত্নী বড়বা প্রাতিথেয়ী নামও পরম শ্রদ্ধার সাথে উল্লেখ করা হয়েছে। তিনি বেদের জটিল তত্ত্ব ও দর্শনে পারদর্শী ছিলেন। 'প্রতীতি (বা প্রতিথ)' ঋষির কন্যা হওয়ার কারণে তাঁর নাম হয়েছিল প্রাতিথেয়ী।

শিবভক্ত মহর্ষি দধীচি শৈবাচার্যের পত্নী পতিব্রতা মহাসতী সুবর্চা মাতা — পরমেশ্বর পার্বতী দেবীর আরাধনা করতেন (ব্রহ্মপুরাণ/১১০ অধ্যায়/৫৭ শ্লোক)।

🔸শিবমহাপুরাণ/কোটিরুদ্র সংহিতা/১৩ অধ্যায় এবং শিবমহাপুরাণ/শতরুদ্রসংহিতা/২৪-২৫ অধ্যায় অনুসারে — মহর্ষি দধীচি ও সুবর্চা দেবীর দুইজন পুত্র — সুদর্শন ও পিপ্পলাদ।


ঋষি সুদর্শন পরবর্তীতে শিবের আশীর্বাদে দেবী পার্বতীর প্রিয় সন্তান তথা বটুক ভৈরব হয়ে কৈলাসবাসী হন । আর পিপ্পলাদ ছিলেন সাক্ষাৎ ভগবান রুদ্রের অবতার। তিনি বেদের পৈপ্পলাদ শাখার প্রবর্তক হন। মহর্ষি পিপ্পলাদ পদ্মাবতীকে বিবাহ করেন । তাদের দশটি পুত্র সন্তান হয়েছিল।

মহাভারতের শল্য পর্বের ৪৭ অধ্যায়ে উল্লেখ হয়েছে : মহর্ষি দধীচির দীর্ঘদিনের তপ শক্তি তেজরূপে পতিত হলে, নদীরূপে স্থিত দেবী সরস্বতী তা রক্ষা করে তা থেকে এক বালককে প্রকট করেন, তার নাম হল — মহর্ষি সারস্বত। তিনি নিজের চেয়ে বয়ঃজেষ্ঠ্য প্রবীণ ঋষিদের পুনরায় বেদপাঠ করার শিক্ষা দিয়েছিলেন।
__________________________________________

✳️ মহর্ষি দধীচি সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য —

🔸 শ্রেষ্ঠ শৈব হলেন দধীচি — একথা শিবমহাপুরাণ/কোটিরুদ্র সংহিতা/১৩ অধ্যায়/২৪ নং শ্লোকে বলা হয়েছে “দধীচিঃ শৈবসত্তমঃ”।

🔸 শিবমহাপুরাণের বায়বীয় সংহিতার উত্তরখণ্ডের ৮নং অধ্যায়ে — তাঁকে অদ্বৈত মহাপাশুপত পরম্পরার জ্ঞানের চারজন আচার্যের মধ্যে অন্যতম হিসেবে উল্লেখ করা হয়েছে।

🔸 শিবমহাপুরাণের বায়বীয় সংহিতার উত্তরখণ্ডের ৮নং অধ্যায়ে — তাঁকে শৈব আগমের প্রচারক বলে উল্লেখ করা হয়েছে।

__________________________________________

🔥 মহর্ষি দধীচি মহান কীর্তি  —



♦️১ ♦️ মহর্ষি দধীচি দ্বারা বৈষ্ণবদের চেয়েও শিবভক্ত শৈবদের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন ও নারায়ণকেও নিজের বিশ্বরূপ দর্শন করিয়ে দেওয়ার মতো অভাবনীয় কার্যক্রম — 

🔸 তথ্যসূত্র : শিবমহাপুরাণ/রুদ্রসংহিতা/সতীখণ্ড/৩৮-৩৯ অধ্যায় এবং লিঙ্গমহাপুরাণ/পূর্বভাগ/৩৫-৩৬ অধ্যায়।

 মহাপাশুপত শৈব পরম্পরার মহর্ষি দধীচি ছিলেন পরমেশ্বর শিবের একনিষ্ঠ উপাসক। ক্ষত্রিয় ও ব্রাহ্মণের শ্রেষ্ঠত্ব নিয়ে রাজা ক্ষুপের সঙ্গে তাঁর বিরোধ হয়। ইন্দ্রপ্রদত্ত বজ্র দিয়ে ক্ষুপ দধীচিকে আঘাত করলেও, দধীচি শুক্রাচার্যের সঞ্জীবনী বিদ্যার মাধ্যমে প্রানে বেঁচে যান, শুক্রাচার্যের পরামর্শ অনুসারে তিনি মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে পরমেশ্বর শিবকে প্রসন্ন করেন। প্রভু শিবের কৃপায় দধীচি অবধ্য ও অজেয় বর লাভ করেন। এরপর তিনি ক্ষুপ রাজার কাছে উপস্থিত হয়ে ক্ষুপের মস্তকে পদাঘাত করেন ক্ষুপ রাজা বিষ্ণুভক্তি্য অহংকারে অতিগর্বিত হয়ে পুনরায় বজ্র দিয়ে আঘাত করেন। কিন্তু তখন বজ্রও দধীচির কোনো অনিষ্ট করতে পারেনি। এই দেখে তৎক্ষণাৎ বনে গিয়ে তপস্যায় রত হয়ে
রাজা ক্ষুপ ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলে, বিষ্ণু নিজেই স্বীকার করেন যে শিবকৃপাপ্রাপ্ত ভক্তকে পরাজিত করা অসম্ভব। তবুও ক্ষুপের অনুরোধে তিনি দধীচির সঙ্গে যুদ্ধ করেন। সুদর্শন চক্রসহ অসংখ্য দিব্যাস্ত্র, দেবগণের সম্মিলিত আক্রমণ এবং বিষ্ণুর নানা শক্তিও দধীচির কোনো ক্ষতি করতে পারেনি। দধীচির নিক্ষিপ্ত কুশও ত্রিশূলে পরিণত হয়ে দেবাস্ত্রকে প্রতিহত করে।
শেষে ভগবান বিষ্ণু বাধ্য হয়ে মায়া দেখিয়ে দধীচিকে ভয় পাওয়ানোর চেষ্টা করতে গিয়ে বিশ্বরূপ প্রকাশ করলে মহর্ষি দধীচিও শিবকৃপাবলে বিষ্ণু ও ক্ষুপকে নিজের মধ্যেই বিশ্বরূপ দর্শন করিয়ে দেন। দধীচি বলেন, হে বিষ্ণু ! ওসব মায়া দেখিয়ে ভ্রমিত করার চেষ্টা ত্যাগ করুন, আমি অজানা সেই আত্মতত্ত্ব জেনেছি, সুতরাং শিবভক্তদের পরাজয় করা অসম্ভব। শিবের ইচ্ছা ছাড়া তাঁর ভক্তের কোনো অনিষ্ট করা সম্ভব নয়।
ভগবান বিষ্ণু পুনরায় আক্রমণ শুরু করলেন, কিন্তু ব্রহ্মা জানতেন যে দধীচিকে পরাজয় করা অসম্ভব, তাই তিনি ভগবান বিষ্ণুকে বোঝালেন এবং সাক্ষাৎ শ্রীবিষ্ণু দধীচি শৈবাচার্যকে প্রণাম করেন। এতে ক্ষুপ রাজার‌ও বৈষ্ণব শ্রেষ্ঠ বলে ভাবার অহংকার ধূলোয় মিশে যায়, তিনি মহর্ষি দধীচি শৈবাচার্যের কাছে কাতরভাবে ক্ষমা প্রার্থনা করেন। দধীচি তাঁদের ক্ষমা করেন কিন্তু বিষ্ণু সহ দেবতাদের এই ধৃষ্ঠতার জন্য ভবিষ্যতে শিবের কোপভাজন হবার শাপ প্রদান করেন।

🔷 বিশ্লেষণ — এতে প্রতিপন্ন হয় যে, বিশ্বরূপ প্রদর্শনের ক্ষমতা পরমেশ্বর শিবের কৃপায় সিদ্ধ মহাপুরুষেরও হতে পারে ; বিশ্বরূপ দেখানোর ক্ষমতাই কাউকে পরমেশ্বর প্রমাণ করে না। এই কাহিনীর মূল প্রতিপাদ্য হল — পরমেশ্বর শিবের কৃপাপ্রাপ্ত শিবভক্তের অনিষ্ট করা অন্য কোনো দেবতা বা অন্য কারোর পক্ষেও সম্ভব নয় ; এবং বিশ্বরূপে সর্বত্র পরমব্রহ্ম শিবেরই প্রকাশ। শিবভক্ত শৈবগণ সকলের চেয়ে সর্বশ্রেষ্ঠ।


♦️ ২ ♦️ মহর্ষি দধীচি দ্বারা শিবনিন্দার বিপক্ষে ঘোর বিরোধিতা — 

🔸 তথ্যসূত্র : শিবমহাপুরাণ/রুদ্রসংহিতা/সতীখণ্ড/২৭ অধ্যায়

দক্ষ তার যজ্ঞে সকল দেবদেবী তথা মুনিঋষিদের আমন্ত্রিত করলেও, একমাত্র পরমেশ্বর রুদ্রকে আমন্ত্রণ করেননি, কারণ তিনি রুদ্রদেবের উদ্দেশ্যে যজ্ঞে আহুতি দিতে চাননি, শিবের জন্য যজ্ঞভাগ তিনি রাখেননি। সকল দেবতা নিজ নিজ যজ্ঞভাগ লাভের লালসায় সেই শিবহীন যজ্ঞে উপস্থিত হয়েছিলেন।
দধীচি মহর্ষি সেখানে উপস্থিত হ‌য়ে যখন দেখলেন যে সেখানে ভগবান রুদ্র উপস্থিত নেই, অথচ সকল দেব-দেবী ও মুনিঋষিগণ সেখানে উপস্থিত আছেন, তখন একমাত্র তিনি একলাই প্রতিবাদ করেন, তিনি শিবহীন যজ্ঞকে সমর্থন করেননি বরং তিনি শিবের নিন্দা হতে দেখে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে মহাদেবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন এবং শিবনিন্দার বিপক্ষে উপযুক্ত উত্তর দিয়ে শিবহীন যজ্ঞ কখনো সম্পূর্ণ হবে না বলে জানিয়ে নিজের শৈবাশ্রমের ফিরে যান। পরবর্তীতে সেখানে মাতা সতী উপস্থিত হন, দক্ষ তাকে অপমান করলে দেবী সতী যোগবলে দেহত্যাই করেন। এই সংবাদ পেয়েই রুদ্রদেব বীরভদ্রকে পাঠিয়ে দক্ষকে বধ করান, রুদ্রগণেরা শিবহীন যজ্ঞে উপস্থিত দেবতাদের চরম শাস্তি দেন, শিবনিন্দুক দের ভয়ানক পরিণতি দেন।

 🔷 বিশ্লেষণ — এখান থেকে প্রমাণিত হয় যে মহর্ষি দধীচি একজন নির্ভীক শৈব সেনাপতি। যেখানে ব্রহ্মা বিষ্ণু সহ দেবতাগণ শিবনিন্দাকে সমর্থন দিয়ে নিজেদের স্বার্থ ফুর্তিতে ব্যস্ত ছিল, সেখানে একমাত্র ন্যায়পরায়ণ পরমধার্মিক শিবভক্ত শৈবাচার্য মহর্ষি দধীচি-ই সম্মান বা আপ্যায়নের জাগতিক লালসা ত্যাগ করে, সবার বিরুদ্ধে গিয়ে শিবনিন্দাকে সহ্য না করে কণ্ঠ স্বর উঁচু করে তুলে দাঁড়িয়ে চোখে চোখ রেখে তাঁদের দ্বারা হ‌ওয়া অধর্মের বিরুদ্ধে কথা বলেছেন। এমন আসক্তিহীন নির্ভিক সাহসিকতাই মহর্ষি দধীচি কে শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসিয়েছে। এখান থেকে প্রত্যেক শিব ভক্তদের শিক্ষা নেওয়া উচিত, যখনই কোন শিব নিন্দা হবে তখনই প্রতিবাদ করা উচিত, যেখানে শিবের অপমান হয় যেখানে শিবেন নিন্দা হয় সেই স্থান পরিত্যাগ করা উচিত। এই শিক্ষা আমাদের মহর্ষি দধীচি শৈবাচার্যের কাছ থেকে আমরা পেয়েছি। যারা শিবনিন্দা করে, বা সমর্থন করে, যারা শিবনিন্দার বিরুদ্ধে প্রতিবাদ করে না, তারা কাপুরুষ, কিন্তু যারা প্রতিবাদ করে তারা হলেন পরমেশ্বর শিবের প্রকৃত ভক্ত ও মহর্ষি দধীচি শৈবাচার্যের মতোই বীরশ্রেষ্ঠ পুরুষ (বা বীররূপিনী নারী)।


♦️৩ ♦️ মহর্ষি দধীচি দ্বারা স্বার্থত্যাগের মাধ্যমে কঠোর আত্মবলিদান ও পরোপকার‌ই শিবভক্ত শৈবদের জীবনের আদর্শ হ‌ওয়ার শিক্ষা প্রদান —

🔸 তথ্যসূত্র : শিবমহাপুরাণ/শতরুদ্রসংহিতা/২৪-২৫ অধ্যায় এবং ব্রহ্মমহাপুরাণ/১১০ অধ্যায়। 


দেবতারা অসুরদের সাথে যুদ্ধ করে তাদের পরাজিত করেন। তারপর তারা দীর্ঘকাল ধরে যাতে বিশ্রাম ও সুখভোগে সময় কাটাতে পারেন তা ভাবেন, কিন্তু এর মধ্যে যদি অজান্তে তাদের শক্তিশালী অস্ত্রগুলি অসুররা চুরি করে নিয়ে যায়, সেই আশঙ্কায় তারা চিন্তিত হয়ে দধীচির কাছে আসেন। তারা দধীচিকে বলজন দেবতাদের ইচ্ছা পূরণ করবার জন্য হ্যাঁ বলতে, দধীচি তাদের কথা রাখবেন বলে সম্মতি দেন, তখন দেবতারা বলেন দধীচির তপস্যার বলে দধীচির আশ্রমে অসুর দৈত্যরা প্রবেশ করতে পারে না, তাই এই অস্ত্রগুলো যদি তার আশ্রমে রাখা যায় তাহলে তা সুরক্ষিত থাকবে। এই কথা দধীচির পত্নী সুবর্চা শুনে আপত্তি জানান, কিন্তু দধীচি পূর্বেই হ্যাঁ বলেছেন বলে আর কথা ফিরিয়ে নিতে পারেন না। তাই দেবতারা সমস্ত শক্তিশালী ভয়ানক অস্ত্রগুলি দধীজির আশ্রমে রেখে যান।

  দেবতারা ১০০০ হাজার বছরের‌ও অধিক দীর্ঘ সময় ধরে অস্ত্রগুলি নিতে আসেননি, দেবতাদের অস্ত্রগুলি সংরক্ষণের কারণে অসুর-দৈত্যরা দধীচিকে শত্রু ভাবতে শুরু করেন, তাই দধীচি অস্ত্রগুলি ক্ষয় বা হরণ হবার আশঙ্কা থেকে মুক্ত হতে অস্ত্রগুলি ধুয়ে মন্ত্রপূত জলে সে অস্ত্রের শক্তিগুলো নিবিষ্ট করেন এবং তা নিজে খেয়ে নেন। এর কিছু কাল বাদেই দেবতারা এসে অস্ত্র চাইলেন, তখন দধীচি সব খুলে বললেন। কিন্তু দেবতারা সব শুনে বললেন ঐ অস্ত্র ছাড়া কোনোভাবে দেবতাদের রক্ষা সম্ভব নয়। কারণ, বৃত্রাসুর ইন্দ্রসহ দেবতাদের উপর অত্যাচার করতে শুরু করেছে।

তখন দধীচি দেবতাদের কল্যাণের জন্য বললেন, তাঁর নিজের শরীরের অস্থি নিয়ে তা দিয়ে অস্ত্র বানাতে, কারণ সেই অস্ত্র গুলির শক্তি তার হাড়ের মধ্যে জমা হয়েছে। দেবতারা রাজি হন, পরমশৈবাচার্য মহর্ষি দধীচি কাল বিলম্ব না করে  তৎক্ষণাৎ কোনো শোক না করে শান্ত হয়ে বসে যোগবলে পরমেশ্বর শিবকে স্মরণ করে দেহত্যাগ করে শিবলোক প্রাপ্তি করেন। ৩১ বছর পর্যন্ত জীবিত ছিলেন — দধীচি শৈবাচার্য।
দেবতারা গোমাতাদের দিয়ে চাটিয়ে প্রাণহীন দধীচির দেহের মাংস অস্থি থেকে আলাদা করে নিয়ে চলে যান, পরবর্তীতে বিশ্বকর্মা সেই অস্থির মেরুদণ্ড ভাগ দিয়ে বজ্র নামক অস্ত্র তৈরী করে ইন্দ্রকে দেন, তা দিয়ে বৃত্রাসুর নিহত হন, আর মস্তকের অস্থি দিয়ে ব্রহ্মশির অস্ত্র তৈরী করেন, যা মহাদেবকেই সমর্পণ করা হয় । এদিকে দধীচির স্ত্রী সুবর্চা (গভস্তিনী/প্রাতিথেয়ী/বড়বা) দেবী মা পার্বতীর পূজা করে আশ্রমে ফিরে এসে তার স্বামীকে কোথাও দেখতে না পেয়ে গৃহে প্রজ্জ্বলিত অগ্নির কাছ থেকে সকল ঘটনা জানতে পেরে মহাশোকে পড়ে যান, তিনি তখন দেহত্যাগের সংকল্প নিয়ে অগ্নিতে প্রবেশ করতে যান, কিন্তু তিনি তখন গর্ভবতী ছিলেন তথা প্রসবকালের অতিনিকটেই ছিলেন, তাই তিনি অগ্নিতে প্রবেশ করবার পূর্বে পাথর দিয়ে নিজের গর্ভ ফাটিয়ে দধীচিপুত্র পিপ্পলাদ কে একটি পিপ্পল (অশ্বত্থ) গাছের নিচে রেখে উদ্ভিদ সহ সকল প্রাণী ও দেবতাদের সাক্ষী করে তাদের কাছে ঐ শিশুর সংরক্ষণের ভার সপে দিয়ে দধীচির অবশিষ্ট মাংস ও চর্ম নিয়ে অগ্নিতে প্রবেশ করে স্বামীকেই অনুগমন করে শিবলোক প্রাপ্তি করেন। পিপ্পলাদ পিতৃমাতৃহীন ভাবে প্রকৃতির মাধ্যমে বড় হন।


🔷 বিশ্লেষণ —

মহর্ষি দধীচির জীবন কেবল একজন ঋষির জীবন নয়; তিনি ত্যাগ, পরোপকার, আত্মোৎসর্গ ও শিবভক্তির জীবন্ত প্রতিমূর্তি। ইতিহাসে অসংখ্য দাতা এসেছেন, কিন্তু নিজের ধন-সম্পদ নয়, নিজের সমগ্র দেহের অস্থি পর্যন্ত লোককল্যাণে দান করার মহিমা একমাত্র মহর্ষি দধীচির জীবনেই সর্বোচ্চ দীপ্তিতে প্রকাশিত হয়েছে।
যখন দেবতারা অসহায় হয়ে তাঁর শরণাপন্ন হলেন, তখন তিনি নিজের জীবন, পরিবার, স্ত্রী কিংবা ভবিষ্যতের কথা এক মুহূর্তও ভাবলেন না। তিনি জানতেন — এই দেহ একদিন নশ্বর হবেই ; যদি সেই দেহ অসংখ্য প্রাণের রক্ষার কারণ হয়, তবে তার চেয়ে মহৎ ব্যবহার আর কী হতে পারে? তাই তিনি নির্বিকার চিত্তে যোগাসনে বসে পরমেশ্বর শিবকে স্মরণ করলেন এবং হাসিমুখে দেহত্যাগ করে শিবলোকে গমন করলেন।
কিন্তু দধীচির আত্মবলিদানের আড়ালে লুকিয়ে আছে এক হৃদয়বিদারক পারিবারিক ইতিহাস।
যে স্ত্রী সুবর্চা আজীবন স্বামীর তপস্যার সঙ্গিনী ছিলেন, তিনিই ফিরে এসে দেখলেন — স্বামীর দেহ আর নেই ; তাঁর অস্থি পর্যন্ত লোককল্যাণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেই অসহনীয় শোকের মধ্যেও তিনি নিজের মাতৃত্বের দায়িত্ব পালন করলেন। গর্ভস্থ সন্তানকে জন্ম দিলেন তাও আবার নিজ গর্ভ ফাটিয়ে অসহ্য যন্ত্রনা সহ্য করে, ঐ নবজাতককে অশ্বত্থ বৃক্ষের নীচে রেখে সমগ্র প্রকৃতিকে তার অভিভাবক করে, স্বামীর অবশিষ্ট দেহাবশেষ বুকে নিয়ে অগ্নিতে প্রবেশ করলেন। একদিকে সদ্যোজাত শিশু পিপ্পলাদ পিতামাতাহীন হয়ে শোকাকুল হয়ে প্রকৃতির কোলে বেড়ে উঠল, অন্যদিকে এক দম্পতি নিজেদের সমগ্র জীবন উৎসর্গ করলেন জগতের কল্যাণের জন্য।
ভাবুন, কী অসীম ত্যাগ ! কেমন যন্ত্রণাদায়ক অবস্থা ! কী অসাধারণ আদর্শ ! 
আজ মানুষ সামান্য স্বার্থ সিদ্ধির জন্য আপনজনকেও ত্যাগ করে ; অথচ মহর্ষি দধীচি নিজের প্রাণ, নিজের শরীর, নিজের পরিবার — সবকিছু বিসর্জন দিয়েছিলেন অপরের মঙ্গলের জন্য। এটাই প্রকৃত শিবভক্তের পরিচয়। শিবভক্ত কেবল নিজের মুক্তির কথা ভাবেন না; তিনি সমগ্র জগতের কল্যাণের জন্য নিজের সর্বস্ব পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত থাকেন।
এই কারণেই মহর্ষি দধীচি কেবল একজন ঋষি নন — তিনি পরোপকারের সর্বোচ্চ আদর্শ, আত্মবলিদানের চিরন্তন প্রতীক এবং মহাপাশুপত শৈবধর্মের অমর শৈবাচার্য। তাঁর জীবন আগামী প্রজন্মকে শেখায় —সর্বশ্রেষ্ঠ দান অর্থ বা সম্পদের দান নয়; সর্বশ্রেষ্ঠ দান হলো নিজের জীবনকেও ধর্ম ও পরোপকারের জন্য উৎসর্গ করার সাহস।
মহর্ষি দধীচির জীবন আমাদের শেখায়—নিজের জন্য বেঁচে থাকা সাধারণ মানুষের ধর্ম; কিন্তু অন্যের কল্যাণের জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করে অমর হয়ে থাকা—এটাই শিবভক্ত শৈবদের প্রকৃত আদর্শ। তাই যুগে যুগে পরমশিবভক্ত মহর্ষি দধীচির নাম শ্রদ্ধা, ভক্তি ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে ; কারণ তিনি নিজের অস্থি দান করে শুধু দেবতাদেরই রক্ষা করেননি, মানবজাতির সামনে আত্মত্যাগের এমন এক আদর্শ স্থাপন করেছেন, যা চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। এই কারণেই তিনি আমাদের গুরু, আমাদের প্রাণপ্রিয় শৈব আচার্য, শৈবগুরু। শ্রীগুরু মহর্ষি দধীচি শৈবাচার্যদেবের কৃপা দৃষ্টির আমাদের প্রত্যেক শিবভক্তদের উপর বর্ষিত হোক। তার এই সন্তানদের পথের পাথেয় হোক তার এই শৈবাদর্শ — শিবশাসন 🙏
__________________________________________

🔱 সিদ্ধান্ত —

মহর্ষি দধীচি শৈবাচার্যের সমগ্র জীবন গভীরভাবে অধ্যয়ন করলে স্পষ্ট প্রতীয়মান হয় যে, তিনি কেবল একজন তপস্বী ঋষি ছিলেন না; তিনি ছিলেন মহাপাশুপত শৈব পরম্পরার এক মহান শৈবগুরু, শৈবাচার্য এবং পরমেশ্বর শিবের আদর্শ ভক্ত। তাঁর চরিত্রে একই সঙ্গে প্রকাশ পেয়েছে অটল শিবভক্তি, শাস্ত্রজ্ঞতা, ধর্মরক্ষার নির্ভীক সাহস, সত্যের প্রতি অবিচল নিষ্ঠা, অসীম পরোপকারব্রত এবং সর্বোচ্চ আত্মবলিদানের মহিমা।

তিনি আমাদের শিখিয়েছেন—শিবভক্তি কেবল পূজা বা জপের মধ্যে সীমাবদ্ধ নয়; শিবভক্তির প্রকৃত পরিচয় হল সত্য ও ধর্মের পক্ষে নির্ভীকভাবে দাঁড়ানো, শিবনিন্দা ও অধর্মের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ করা এবং প্রয়োজনে নিজের সর্বস্ব ত্যাগ করেও জগতের কল্যাণে আত্মনিয়োগ করা। নিজের দেহের অস্থি পর্যন্ত লোককল্যাণে দান করে তিনি প্রমাণ করেছেন যে, প্রকৃত শিবভক্ত নিজের স্বার্থের জন্য নয়, সমগ্র সৃষ্টির মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকেন।

অতএব, মহর্ষি দধীচি কেবল অতীতের এক পূজনীয় ঋষি নন; তিনি যুগে যুগে প্রত্যেক শিবভক্ত শৈবের আদর্শ, অনুপ্রেরণা এবং গুরুস্বরূপ। তাঁর জীবন আমাদের আহ্বান জানায়—শাস্ত্রকে জীবনের ভিত্তি করে, পরমেশ্বর শিবের প্রতি অচল ভক্তি ধারণ করে, ধর্মরক্ষা, সত্যপ্রতিষ্ঠা, পরোপকার এবং আত্মত্যাগের আদর্শে নিজেদের জীবন গড়ে তুলতে। তবেই আমরা প্রকৃত অর্থে মহর্ষি দধীচি শৈবাচার্যের শিষ্য হওয়ার যোগ্যতা অর্জন করতে পারব এবং তাঁর প্রদর্শিত শিবশাসনের পথে অগ্রসর হতে সক্ষম হব।

পরমেশ্বর শিব এবং শ্রীগুরু মহর্ষি দধীচি শৈবাচার্যদেবের চরণে আমাদের বারংবার প্রণাম। তাঁদের কৃপায় সকল শিবভক্তের অন্তরে শিবভক্তি, সত্যনিষ্ঠা, নির্ভীকতা, আত্মত্যাগ ও পরোপকারের মহৎ আদর্শ চিরজাগ্রত হোক। 🙏🕉️

গুরু পূর্ণিমা উপলক্ষ্যে শিবালয় শৈব প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান শৈবাচার্য মহর্ষি দধীচির সংক্ষিপ্ত জীবনী প্রকাশিত হল।

__________________________________________
🚩 তথ্য সংগ্রহ ও লেখনীতে : শিবালয় প্রতিষ্ঠাতা শিবদ্বারাধীশাধ্যক্ষ দেশিক আচার্যপরমাধিকারী শ্রীপাদযুক্ত শ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্যদেব 🚩
©️ কপিরাইট ও প্রচারে : Shivalaya 🔥

পরমেশ্বর শিবের জয়🙏
পরমশিবভক্ত মহর্ষি দধীচি শৈবাচার্যের জয় 🙏
মাতা মহাসতী দধীচি পত্নী সুবর্চা দেবীর জয় 🙏
সকল শৈবগুরুর জয় 🙏
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩
ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩


শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩
ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩

পরমেশ্বর শিবের ও সনাতন শৈবধর্মের বিষয়ে এমন গুহ্য সত্য রহস্য ও সত্য উন্মোচনমূলক লেখা আরো পেতে অবশ্য‌ই আমাদের Shivalaya ফেসবুক পেজ Follow করে Favourite করে রাখুন। এই তথ্য দ্বারা যদি আপনার জ্ঞান বৃদ্ধি হয়ে থাকে তবে অবশ্য‌ই এই লেখাটি শেয়ার করুন, যাতে সত্য প্রকাশ্যে আসে।

#সনাতনধর্ম #শিবালয় #shiva #শিব #পরমেশ্বরশিব #ভগবান #দধীচি #শৈবাচার্য #মহাপাশুপত #শৈবপরম্পরা #সুবর্চা #শিবমহাপুরাণ  #Shivalaya #শৈবধর্ম #শিবশাসন


[এই পোস্টটি শুধুমাত্র শিক্ষামূলক ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত।এখানে ব্যবহৃত চিত্রটি কেবল বিষয়টি সহজে উপস্থাপনের জন্য Ai-সহায়তায় নির্মিত একটি প্রতীকী চিত্র, এই ছবিটির মধ্যে কিছু লেখা আলাদা ভাবে লেখা হয়েছে। সকল শাস্ত্রীয় উদ্ধৃতি ও তথ্য যথাসম্ভব মূল গ্রন্থ অনুসারে ছবি উপস্থাপিত হয়েছে।]

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ