রুদ্র” শব্দের ব্যাকরণিক এবং শাস্ত্রীয় বিশ্লেষণ নামবাচক বিশেষ্য হিসেবে প্রতিষ্ঠা



 🔘”রুদ্র” শব্দের ব্যাকরণিক এবং শাস্ত্রীয় বিশ্লেষণ নামবাচক বিশেষ্য হিসেবে প্রতিষ্ঠা—

বেদে রুদ্রকে অনেক স্থানে নিরাকার নির্গুণ ব্রহ্ম হিসেবে ব্যাখ্যা করা হয়, কিন্তু শাস্ত্রীয় প্রমাণ অনুযায়ী তিনি সাকার ও ব্যক্তি-রূপেও স্বীকৃত।

সংস্কৃত ভাষাবিজ্ঞানের সর্বোচ্চ প্রামাণিক গ্রন্থ পাণিনির অষ্টাধ্যায়ী এর সূত্রাবলীর মাধ্যমে আমরা শব্দের প্রকৃতি, অর্থ ও ব্যবহার নিরূপণ করতে পারি। বিশেষত, Proper Noun বা নামবাচক বিশেষ্য হিসেবে কোনো শব্দের স্বীকৃতি পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়মাবলী বিদ্যমান।
এই প্রবন্ধে আমরা “রুদ্র” শব্দটিকে নামবাচক বিশেষ্য হিসেবে প্রতিষ্ঠা করব, এবং প্রমাণ দেব যে এটি সাধারণ গুণ বা অবস্থা নির্দেশ করে না, বরং শিবের নাম হিসেবে স্বীকৃত।


🔘পাণিনি ৪.১.৪৯ সূত্র—

“ইন্দ্রবরুণভবশর্বরুদ্রমৃড়হিমারণ্যযবযবনমাতুলাচার্যাণামানুক্”

এই সূত্রে “রুদ্র” সহ একাধিক নামবাচক বিশেষ্যে আনুক্ প্রত্যয় যোগ করে, পরে স্ত্রীলিঙ্গ সূচক ঙীষ্ প্রত্যয় যুক্ত হয়।

এই সূত্রে পাণিনি নির্দেশ দিচ্ছেন যে, ইন্দ্র, বরুণ, ভব, শর্ব, রুদ্র, মৃড়, হিম, অরণ্য, যব, যবন, মাতুল, আচার্য এই নামবাচক প্রাতিপদিকগুলিতে যখন স্ত্রীলিঙ্গ রূপ গঠন করতে হয়, তখন আনুক্ নামক আগম প্রত্যয়টি যুক্ত হয়। এরপর স্ত্রীলিঙ্গ সূচক ঙীষ্ প্রত্যয় (যেমন: “ঈ” ধ্বনি) যোগ হয়। এর ফলে মূল শব্দের স্ত্রীলিঙ্গ রূপ তৈরি হয়।

🔘এস. সি. বাসুর ভাষ্য—
“আনুক্ আগমটি ইন্দ্র, বরুণ, ভব, শর্ব, রুদ্র প্রভৃতি নামবাচক শব্দগুলিতে স্ত্রীলিঙ্গ প্রত্যয় ঙীষ্ যুক্ত হওয়ার আগে যোগ হয়।”

“এইভাবে, রুদ্রাণী অর্থাৎ রুদ্রের স্ত্রী বোঝায়।”

যেমন— “শিবা ভবানী রুদ্রাণী সর্ব্বাণী সর্ব্বমঙ্গলা” [অমরকোষ/স্বর্গ-বর্গ/ ২৮]।

অর্থাৎ ‘রুদ্র’ একটি নামবাচক বিশেষ্য হিসেবে গৃহীত, এবং এর স্ত্রীলিঙ্গ রূপ গঠনের নিয়ম এখানে স্পষ্ট।

এস. সি. বাসু রূঢ়ি ও বৈয়াকরণিক দৃষ্টিতে ‘রুদ্র’
শব্দকে নামবাচক বিশেষ্য (Proper Noun) হিসেবে চিহ্নিত করেছেন, যেহেতু এর থেকে স্ত্রীলিঙ্গ রূপ রুদ্রাণী গঠিত হয়। এর ফলে বোঝা যায়, রুদ্র শব্দটি কেবল সাধারণ বিশেষ্য নয়, বরং একটি ব্যাক্তিবাচক নাম হিসেবে স্থির।

🔘কাশিকা ভাষ্য—
“ইন্দ্রাদিভ্যঃ প্রাতিপদিকেভ্যঃ স্ত্রীয়া ঙীষ্ প্রত্যয়ো ভবতি, আনুক্ চাগমঃ। ... রুদ্রাণী।”

নামবাচক শব্দগুলিতে স্ত্রীলিঙ্গ রূপ গঠনের জন্য আনুক্ + ঙীষ্ প্রত্যয় যুক্ত হয়।

উদাহরণস্বরূপ, রুদ্র থেকে রুদ্রাণী।

অর্থাৎ, ইন্দ্র প্রভৃতি প্রাতিপদিক (নামবাচক শব্দ)-এ যখন স্ত্রীলিঙ্গ রূপ বানানো হয়, তখন প্রথমে আনুক্ আগম যুক্ত হয় এবং তারপর ঙীষ্ স্ত্রীলিঙ্গ প্রত্যয় সংযুক্ত হয়। এই ভাষ্যে “রুদ্রাণী” উদাহরণ স্পষ্টভাবে দেখায় যে রুদ্র শব্দটি এই নিয়ম অনুযায়ী স্ত্রীরূপ পায় এর মানে এটি একটি সংজ্ঞাবাচক (Proper Noun) হিসেবে গৃহীত।

🔘মহাভাষ্য—
“হিমারণ্যয়োর্মহত্ত্বে ... যুবাদ্দোষে ... যবনাল্লিপ্যাম্ ... উপাধ্যায়মাতুলাভ্যাং বা ... মুদ্রগালচ্ছন্দসি লিচ্চ ... আচার্যাদণত্বং চ ... আর্যক্ষত্রিয়াভ্যাং বা।”
নামবাচক ও অন্যান্য প্রাতিপদিক শব্দে আনুক্ প্রত্যয়ের প্রয়োগ ও তার ব্যতিক্রমগুলি এখানে ব্যাখ্যা করা হয়েছে।

এখানে পতঞ্জলি এই শ্রেণির শব্দগুলিতে আনুক্ আগমের প্রয়োগ ও কিছু বিশেষ ব্যতিক্রম ব্যাখ্যা করেছেন।
যেমন — হিম, অরণ্য, যবন, মাতুল, আচার্য ইত্যাদি প্রাতিপদিকগুলিতে কখন আনুক্ যোগ হয় এবং কখন হয় না, সে বিষয়ে উদাহরণসহ আলোচনা করেছেন।

যেমন—

“রুদ্র”-এর স্ত্রীরূপ “রুদ্রাণী”

“আচার্য” থেকে “আচার্যাণী”

“মাতুল” থেকে “মাতুলাণী”
এইসব উদাহরণ সূত্রের প্রয়োগ অনুসারে তৈরি।

🔘পাণিনি ৪.১.৪৯ সূত্র, কাশিকা ভাষ্য, মহাভাষ্য এবং এস. সি. বাসুর ব্যাখ্যা একযোগে স্পষ্টভাবে প্রমাণ করে যে—

“রুদ্র” শব্দটি নামবাচক (সংজ্ঞাবাচক) বিশেষ্য, অর্থাৎ Proper Noun। এটি সাধারণ কোন বিশেষণ নয়, বরং এমন একটি ব্যাক্তিবাচক শব্দ যা থেকে স্ত্রীলিঙ্গ রূপ “রুদ্রাণী” গঠিত হয়।

এই প্রসঙ্গে শিবমহাপুরাণেও বলেছে—

“নমশ্চকার রুদ্রায় রুদ্রাণ্যৈ চ মুহুর্মুহুঃ” ॥৩২॥

[শিবমহাপুরাণ/বায়বীয় সংহিতা/পূর্বভাগ/অধ্যায় ১৫/৩২]

অন্বয়— নমঃ চকার = প্রণাম করলেন। রুদ্রায় = রুদ্রকে। রুদ্রাণ্যৈ = রুদ্রাণীকে। মুহুর্মুহুঃ = বারবার, পুনঃপুনঃ।।

অর্থ— রুদ্র ও রুদ্রাণীকে বারবার প্রণাম করলেন।।

অতএব, কোনো মতেই “রুদ্র” শব্দটিকে কেবল সাধারণ গুণবাচক বিশেষ্য বা adjective হিসেবে গণ্য করা যায় না। পাণিনীয় সূত্রে ও ভাষ্যকারদের ঐকমত্যে এটি নামবাচক বিশেষ্য এমনকি সেই নাম থেকে স্ত্রীলিঙ্গ রূপও বৈধ ও স্বীকৃত।

এ থেকে বোঝা যায় শাস্ত্রীয় ও বৈয়াকরণিক দৃষ্টিতে “রুদ্র” শব্দটি একটি সনির্দিষ্ট ব্যাক্তিবাচক রূঢ়ি নাম, যা শিবতত্ত্বকেই নির্দেশ করে।


🔘নামবাচক সংজ্ঞা সংক্রান্ত সূত্র ও ভাষ্য (পাণিনি ১/৪/১ সংজ্ঞা)

পাণিনি ১/৪/১—

“আ কডারাত্ একা সংজ্ঞা”

অর্থ— অর্থাৎ, যদি কোনো শব্দ বা ধাতুর একাধিক সংজ্ঞা থাকে, তবে পাণিনি-সূত্র প্রয়োগে কেবল একটিমাত্র সংজ্ঞা গ্রহণযোগ্য সেইটিই কার্যকর হবে, যেটি পরবর্তী প্রয়োগে ব্যবহৃত হচ্ছে।

🔘কাশিকা ভাষ্য—
“... যা পরানবকাশা চ”
 অর্থ— যে সংজ্ঞার পর আর কোনো প্রয়োগ বা সুযোগ নেই, সেটি গ্রহণযোগ্য।

অর্থাৎ, যে সংজ্ঞার পরে আর কোনো অন্য প্রয়োগ বা সংজ্ঞার সুযোগ নেই, কেবল সেই সংজ্ঞাটিই গ্রহণযোগ্য। অর্থাৎ, বহু সংজ্ঞার মধ্যে যেটি চূড়ান্তভাবে প্রযোজ্য এবং আর কোনো সম্ভাবনা রাখে না, সেটিই গৃহীত হয়।

🔘সিদ্ধান্তকৌমুদী—
"ইদং ঊর্ধ্বং কডারাঃ কর্মধারয়ে ইত্যতঃ প্রাগ একস্য ঐকৈব সংজ্ঞা জ্ঞেয়া।"

পুনরায় নিশ্চিত করে যে একটি শব্দের একাধিক সংজ্ঞা থাকলেও কেবল একটিই কার্যকর।

এখানে স্পষ্ট করা হয়েছে যে, “কডারাঃ” (১/৪/২–এর সূচনার আগে পর্যন্ত) যতসব সংজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলির মধ্যে কোনো একটি শব্দে একাধিক সংজ্ঞা বর্তমান থাকলেও একটিই প্রযোজ্য হবে, যা সংশ্লিষ্ট সূত্র প্রয়োগে কার্যকর।

🔘পাণিনি ১/৪/১ সূত্র “আ কডারাত্ একা সংজ্ঞা”, এবং কাশিকা ও সিদ্ধান্তকৌমুদীর ভাষ্য অনুযায়ী,
যদি কোনো শব্দের একাধিক সংজ্ঞা (বা রূপগত প্রয়োগ) থাকে, তাহলে বৈয়াকরণিক নিয়মে তন্মধ্যে একটিমাত্র সংজ্ঞা কার্যকর বলে গণ্য হবে এবং সেই সংজ্ঞাটিই ব্যবহারে গ্রহণযোগ্য, যা পরবর্তী সূত্র-প্রয়োগে কার্যকর বা অন্তিম।

এর ফলশ্রুতিতে, যদি কোনো শব্দ (যেমন “রুদ্র”) বিভিন্ন গুণবাচক অর্থে ব্যবহৃত হলেও, পাণিনির নিয়মে সেটি সংজ্ঞা (Proper Noun) রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকলে, তাহলে সেই সংজ্ঞাবাচক অর্থটিই চূড়ান্তভাবে বৈধ ও কার্যকর, অন্য সম্ভাব্য গুণবাচক বা সাধারণ অর্থগুলিকে সে ক্ষেত্রে বাতিল বা অব্যবহৃত ধরতে হবে।

অতএব, এই সূত্রে পাণিনির ভাষাগত নীতির মাধ্যমে প্রতিপাদিত হয়, সংজ্ঞা (Proper Noun) একবার স্থির হয়ে গেলে, সেই অর্থেই তার ব্যবহার ও রূপান্তর বিচার্য হবে।



🔘রুদ্র শব্দের প্রাকৃতিক অর্থের বিভ্রান্তি থেকে মুক্তি
“রুদ্র” শব্দটি সাধারণ গুণ বা অবস্থা নির্দেশ করলে তাকে স্ত্রীলিঙ্গ রূপে পরিণত করা সম্ভব নয়।

কিন্তু, পাণিনির ৪/১/৪৯ সূত্র স্পষ্টভাবে স্ত্রীলিঙ্গ রূপ “রুদ্রানী” নির্দেশ করে, যা কেবল নামবাচক শব্দের ক্ষেত্রেই ঘটে।

সুতরাং, “রুদ্র” শব্দটি শুধুমাত্র Proper Noun বা নামবাচক বিশেষ্য হিসেবেই গ্রহণযোগ্য।


🔘অন্যান্য ব্যাকরণিক প্রমাণ ও ভাষ্য
পাণিনি ১/৪/১–এর প্রয়োগের সঙ্গতি—

“রুদ্র” এর একাধিক অর্থ থাকলেও, সঠিক সংজ্ঞা নির্বাচন নিয়ম অনুসারে যা পরবর্তী প্রয়োগে ব্যবহার হয় সেটিই গ্রহণযোগ্য।

🔘S.C. Vasu ও Kashika–এর ভাষ্য—
Proper Noun গুলোর ক্ষেত্রে আনুক্‌ + ঙীষ্‌ ব্যতিক্রম ছাড়া প্রয়োগ হয়।
“রুদ্র” শব্দটি এই শ্রেণীতে পড়ে।


🔘“রুদ্র” শব্দটি সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী একক এবং নামবাচক বিশেষ্য (Proper Noun) হিসেবে প্রতিষ্ঠিত।

পাণিনির ৪/১/৪৯ সূত্র এবং পরবর্তীতে স্ত্রীলিঙ্গ রূপের গঠন স্পষ্টভাবে এটিকে নাম হিসেবে চিহ্নিত করে।
পাণিনি ১/৪/১-এর সংজ্ঞা সূত্র এবং সংশ্লিষ্ট ভাষ্যসমূহ নিশ্চিত করে যে, অনেক অর্থ বা গুণের সম্ভাবনা থাকলেও একটিমাত্র সংজ্ঞা কার্যকর হবে, এবং তা এখানে “নাম” অর্থে।

“অতএব, স্ত্রীলিঙ্গ রূপ ‘রুদ্রাণী’ এর অস্তিত্ব ও পাণিনীয় বিধি অনুযায়ী ‘রুদ্র’ নামটি কেবল নিরাকার ব্রহ্ম-অর্থে সীমাবদ্ধ নয়, বরং সাকার, ব্যক্তি-রূপ শিবতত্ত্ব হিসেবেও শাস্ত্রীয়ভাবে স্বীকৃত।” রুদ্র শব্দটি শুধুমাত্র সাধারণ গুণ বা বিশেষণ নয়, বরং Proper Noun।

 ———সর্বে হ্যেষ রুদ্রস্তস্মৈ রুদ্রায় নমো অস্তু———

নমঃ শিবায় 🙏
নমঃ শিবায়ৈ 🙏

✍️লেখানীতে— অন্তিক ভট্টাচার্য্য (শম্বরনাথ শৈব)।

🌻কৃতজ্ঞতা— আমার গুরু শ্রী নন্দীনাথ শৈবাচার্য ও আমার আদর্শ রোহিত কুমার চৌধুরী শৈবজী। 

কপিরাইট ও প্রচারে — SHIVALAYA


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ