মাছ মাংস আহারকারী শিব ভক্তকেও পরমেশ্বর শিব মোক্ষ দেন
🕉️ মাছ মাংস আহারকারী শিব ভক্তকেও পরমেশ্বর শিব মোক্ষ দেন
__________________________________________________
🔰 ভূমিকা —
একটি প্রশ্ন কি কখনও আমাদের মনে জাগে — পরমেশ্বর শিব কি তাঁর ভক্তকে তার আহারের ভিত্তিতে বিচার করেন ? কেউ মাছ বা মাংস আহার করলে কি সে শিবের কৃপা থেকে বঞ্চিত হবে? আমিষ আহার করলেই কি সে আর শিবভক্ত থাকে না ? তার পূজা, ব্রত, জপ ও উপাসনা কি মহাদেব গ্রহণ করেন না ? এমনকি সে কি মোক্ষ লাভ থেকেও বঞ্চিত হবে ? বিপরীতে, যে ব্যক্তি কেবল নিরামিষ আহার করেন, তিনিই কি স্বয়ংক্রিয়ভাবে শিবের কৃপা ও মুক্তির অধিকারী?
বর্তমানে নিরামিষবাদী মতের প্রচারে অনেক সময় এমন বক্তব্য শোনা যায় — আমিষভোজী ব্যক্তি পাপী, তার পূজা-ব্রত মহাদেব গ্রহণ করেন না এবং আমিষ আহারকারী ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে না। কিন্তু প্রশ্ন হল — এগুলি কি সত্যিই পরমেশ্বর শিবের প্রদত্ত বিধান, নাকি মানুষের নিজস্ব মত ও ব্যাখ্যা ?
যদি সত্যিই শিব ঘোষণা করে থাকেন যে, “যে মাংস আহার করে সে আমার কৃপা পাবে না” — তবে সেই শাস্ত্রবাক্যটি কোথায় ? আর যদি কোনো শাস্ত্রে তার বিপরীত কথা বলা থাকে, তবে আমাদের কোন বক্তব্য গ্রহণ করা উচিত ?
তাই আবেগ, সামাজিক ধারণা কিংবা খাদ্যাভ্যাসকে ধর্মের চূড়ান্ত মাপকাঠি না করে সরাসরি শাস্ত্রের বক্তব্যের দিকে ফিরে তাকানোই প্রয়োজন। পরমেশ্বর শিব তাঁর ভক্তের কাছে প্রকৃতপক্ষে কী প্রত্যাশা করেন ? ভক্তির মূল্য কি কেবল পাত্রে থাকা খাদ্য ও নির্দিষ্ট আচার দিয়ে নির্ধারিত হয়, নাকি তার অন্তরের শিবনিষ্ঠাই মুখ্য ? আমিষ ও নিরামিষ—এই বাহ্যিক পরিচয়ের ঊর্ধ্বে শিবভক্তি ও মুক্তির প্রকৃত তত্ত্ব কী?
এই প্রশ্নগুলির উত্তর আমাদের নিজেদের ধারণা থেকে নয়, শাস্ত্রের প্রামাণ্য বাণী থেকেই অনুসন্ধান করা উচিত। আর সেই অনুসন্ধানেই সামনে আসে পরমেশ্বর শিবের এক গভীর ও তাৎপর্যপূর্ণ ঘোষণা—যেখানে তিনি তাঁর ভক্তের মুক্তির প্রসঙ্গে বাহ্যিক আহার ও আচারের চেয়ে শিবপরায়ণতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
__________________________________________________
✅ ব্যাখ্যা — এই শ্লোকদ্বয়ে পরমেশ্বর শিব স্পষ্টভাবে ঘোষণা করছেন যে, তাঁর ভক্তের প্রতি তাঁর কৃপা ভক্তের বাহ্যিক আচার, খাদ্যাভ্যাস কিংবা গুণের আধিক্যের উপর নির্ভরশীল নয়। যে ব্যক্তি সর্বদা শিবকে নিজের পরম আশ্রয় করে, বাক্য, মন ও শরীর দ্বারা শিবপরায়ণ হয়ে থাকে, সে যদি সর্বভুকও হয় কিংবা প্রচলিত আচার-বিধি অনুসরণে ত্রুটিযুক্তও হয়, তবুও শিবভক্তির কারণে তার মুক্তি সম্ভব।
অতএব, পরমেশ্বর শিব তাঁর ভক্তকে কেবল সে আমিষ না নিরামিষ আহার করে, কী ভক্ষ্য বা অভক্ষ্য গ্রহণ করে, কিংবা বাহ্যিক আচার-বিচার কতটা পালন করে, কে কত গুণী অর্থাৎ কে সাত্ত্বিক, কে রাজসিক, কে তমোগুণী, কে কত বেশি বিধি মেনে উপাচার দিয়ে পূজা করছে আর কে স্বল্প দিয়ে পূজা করছে, কে দীক্ষা নিয়েছে, আর কে অদীক্ষিত হয়ে পূজা করছে — তার ভিত্তিতে কখনোই বিচার করেন না। কারণ, তিনি পরমেশ্বর — সকল জীবের প্রতি তাঁর কৃপা সমান। জীবের প্রকৃত বিচার তার অন্তরের ভাবসমন্বিত শিবভক্তি ও শিবপরায়ণতার দ্বারা হয়।
প্রত্যেক জীবই নিজের পূর্বকৃত কর্মের ফলে সংসারে আবদ্ধ এবং সেই কর্মের ফলস্বরূপ পাপ-পুণ্য ভোগ করে। কিন্তু কেবল নিজের কর্ম দ্বারা এই বন্ধন সম্পূর্ণরূপে অতিক্রম করা সম্ভব নয়; পরমেশ্বর শিবের কৃপাই জীবকে পাপ-পুণ্যের কর্মফল-বন্ধন অতিক্রম করিয়ে শিবজ্ঞান লাভের এবং পরম শিবসত্তায় লীন হওয়ার পথ উন্মুক্ত করে। তাই শিব তাঁর ভক্তের বাহ্যিক আহার বা আচারকে মুক্তির একমাত্র মানদণ্ড করেন না।
অজ্ঞান জীব লৌকিক দৃষ্টিভঙ্গির দ্বারা কোনো খাদ্যকে পবিত্র বা অপবিত্র এবং কোনো আচরণকে শুদ্ধ বা অশুদ্ধ বলে বিচার করে। কিন্তু আত্মজ্ঞানী শৈব ব্যক্তি এটিই উপলব্ধি করেন যে সমস্ত জগতের মূল কারণ পরমেশ্বর শিব ; সমস্ত পদার্থ তাঁর থেকেই উদ্ভূত এবং তাঁর সত্তাতেই প্রতিষ্ঠিত। সেই পরম তত্ত্ব উপলব্ধি হলে বাহ্যিক পবিত্রতা-অপবিত্রতার সংকীর্ণ ধারণা অতিক্রান্ত হয় এবং জীব শিবতত্ত্বের গভীরতর জ্ঞান লাভ করে।
সুতরাং, যে ব্যক্তি অজ্ঞতাবশত আচারহীন হয়েছে কিংবা সর্বভুক হয়েছে, তার মধ্যেও যদি শিবের প্রতি সত্যনিষ্ঠ ভক্তি থাকে, তবে মহাদেবের কৃপা থেকে সে বঞ্চিত হয় না। বরং পরমেশ্বর শিব তাঁর অসীম করুণায় সেই জীবকেও কর্মবন্ধন থেকে উদ্ধার করে শিবজ্ঞান ও মুক্তির পথে নিয়ে যেতে পারেন।
🔱 সিদ্ধান্ত —
শাস্ত্রের এই বক্তব্য অনুযায়ী, শিবভক্তের মুক্তি কেবল তার আহার বা বাহ্যিক আচার-বিচারের উপর নির্ভরশীল নয়; মুখ্য বিষয় হলো তাঁর একনিষ্ঠ শিবভক্তি ও শিবপরায়ণতা। তাই আমিষ আহারকারী বলেই কোনো শিবভক্তকে শিবকৃপা ও মোক্ষ থেকে বঞ্চিত বলা যায় না। পরমেশ্বর শিব সকল জীবের প্রতি সমান কৃপাশীল এবং তাঁর কৃপাই জীবকে পাপ-পুণ্যের কর্মবন্ধন অতিক্রম করে শিবজ্ঞান ও মুক্তি লাভে সক্ষম করে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন