মহর্ষি অগস্ত্য শৈবাচার্য — এক মহাশক্তিধর শৈবগুরু
মহর্ষি অগস্ত্য শৈবাচার্য — এক মহাশক্তিধর শৈবগুরু
🔸 গুরু পরম্পরা : মহাপাশুপত শৈব পরম্পরা
__________________________________________
🔰 ভূমিকা — সনাতন ধর্মে ঋষিমুনিগণের অবদান অপরিসীম, মহর্ষি অগস্ত্য হলেন তাঁদের মধ্য হতে একজন মহাশক্তিধর শৈবগুরু। যার ভক্তি, সাধনা, জ্ঞান, ধর্মে দৃঢ়তা, আত্মত্যাগের বিনিময়ে অন্য কোনো কিছুর তুলনা হয় না। কারণ, তার কৃতিত্ব আমাদের প্রত্যেক শিবভক্ত শৈব তথা সনাতনীদের দেয় সত্যের পথে এগিয়ে চলার প্রেরণা। অবিশ্বাস্য কীর্তি তিনি লাভ করেছেন, যার বর্ণনা না প্রকাশ করলে সনাতনীরা নিজেদের প্রাচীন আচার্যের গুরুসুলভ মহিমার দিব্য অমৃতের স্বাদ থেকে বঞ্চিত হবে। তাই এই প্রবন্ধে সনাতন ধর্মের একমাত্র প্রাচীন গুরু পরম্পরা মহাপাশুপত শৈব পরম্পরার আচার্য মহর্ষি অগস্ত্য শৈবাচার্যের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলাম, যা থেকে বর্তমান যুগের মানুষ তাঁকে এবং তাঁর দেওয়া মহান শিক্ষাকে হৃদয়ে ধারণ করে।
__________________________________________
🌺 জন্ম তিথি ও অনুষ্ঠান : শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মহর্ষি অগস্ত্যের জন্মোৎসব পালন করা হয়। এছাড়াও অগস্ত নক্ষত্র উদয় হলে তাঁর উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করা হয়।
_________________________________________________
♦️ মহামুনি অগস্ত্য শৈবাচার্য দেবের পিতা-মাতা ও বংশ তথা পরিবার তথা ধার্মিক পরিচয় —
পিতা : মিত্রবরুণ,
মাতা : উর্বশী,
পিতামহ : মহর্ষি কশ্যপ শৈবাচার্য,
মাতামহী : দেবী অদিতি,
ভার্য্যা : লোপামুদ্রা,
গুরু : স্কন্দ,
আরাধ্য ও ইষ্টদেব : শিব,
আরাধ্যা ও ইষ্ঠদেবী : শিবা,
গুরুপরম্পরা : মহা-পাশুপত শৈব গুরুপরম্পরা (নিগমাগম)
_________________________________________________
মহর্ষি অগস্ত্য শৈবাচার্য দেবের অলৌকিক দিব্য জন্মের বিবরণ —
মৎস পুরাণের ৬১ অধ্যায়ে এই কাহিনী বর্ণিত হয়েছে :
একবার ইন্দ্র সমস্ত অসুরদের বিনাশ করার জন্য বায়ু ও অগ্নিকে আদেশ দিয়েছিলেন, তখন বহু দানব রণভূমি ছেড়ে সমুদ্রের জলের তলায় লুকিয়ে নিবাস করতে শুরু করেন। দানবদের নির্জীব ভেবে বায়ু ও অগ্নি তাদের উপেক্ষা করে দিলেন। এরপর কোন এক সময় আবার দানভেরা জল থেকে বের হয়ে মনুষ্য নাক ও দেবতাদের পীড়া প্রদান করে আবার জলে নিবিষ্ট হয়ে যেতে লাগলো। এইভাবে এই কয়েকজন দানব হাজার বছর ধরে জলের আশ্রয় এইভাবে উৎপীড়িত করে চলেছিল। তখন ইন্দ্র অগ্নি ও বায়ুকে সমুদ্র শুকিয়ে ফেলার জন্য আদেশ দিলেন কারণ এটি দানবদের আশ্রয় স্থল ছিল। তখন অগ্নি ও বায়ু ইন্দ্রকে বললেন সমুদ্রকে বিনাশ করা বড়ই অধর্মের কার্য হবে, কারণ এতে সমগ্র জীব সমুদায় বিনাশ হয়ে যাবে এই কারণে এই পাপ আমরা করতে চাই না। কারণ সমুদ্রের মধ্যে কোটি কোটি জীব নিবাস করে সুতরাং তাদের কেন বিনাশ করতে হবে। এই কথা শুনে ইন্দ্র দেব অত্যান্ত ক্রোধিত হয়ে বললেন দেবতাদের উপর কোন ধর্ম অধর্মের প্রভাব পড়ে না। আপনারা এটা জেনেও যেহেতু আমার বাক্য উলঙ্ঘন করেছেন এবং অহিংস মুনিদের মতো ব্রত ধারণ করেছেন, তাই আপনাদের দুজনেরই এক বিশেষ রূপে মুনিরূপে জন্মগ্রহণ করতে হবে। যখন অগ্নি অগস্ত্য রূপে সমুদ্রকে শুকিয়ে দেবেন, তখন তিনি পুনরায় দেবত্ব প্রাপ্তি করবেন। এরপর একসময় বিষ্ণু ধর্মপুত্র রূপে গন্ধমাদন পর্বতে তপস্যা করছিলেন তার তপস্যায় ভীত হয়ে ইন্দ্র তাকে বিঘ্ন প্রদান করবার জন্য অপ্সরা বসন্ত ঋতু এবং কামদেব কে পাঠিয়েছিলেন, কিন্তু শ্রী হরি তাতে ক্ষুব্ধ হননি। বরং সেই শ্রীহরীর অবতার নারায়ণ ঋষির থেকে এক অত্যন্ত সুন্দরী অপ্সরা উৎপন্ন হয়েছিলেন যা দেখে দেবতারাও মোহিত হয়ে পড়েছিলেন, এই অপ্সরার নাম উর্বশী। অপ্সরা উর্বশীর রূপে মুগ্ধ হয়ে দেবতা মিত্র এবং বরুণের তেজ একটি যজ্ঞীয় মাটির পাত্র বা ঘড়ায় (কুম্ভে) পতিত হয়। সেই পাত্র বা কুম্ভ থেকেই অলৌকিক ভাবে ঋষি অগস্ত্যের জন্ম হয়েছিল। কুম্ভ থেকে জন্ম হবার কারণে তাঁর অন্য নাম কুম্ভযোনি বা ঘটোদ্ভব।
এই কাহিনী ঋগ্বেদ/শাকল শাখা/৭/৩৩/১১ -এর শ্রুতিতেও বর্ণিত আছে।
_________________________________________________
🔶 মহামুনি অগস্ত্য শৈবাচার্য দেবের দৈহিক বর্ণনার কিছু উল্লেখ করা হয়েছে মৎসপুরাণের ৬১ অধ্যায়ের ৩৬ শ্লোকে —
“তারপরে সেই জলকুম্ভ (কলশ) থেকে ঋষিশ্রেষ্ঠ অগস্ত্য উৎপন্ন হলেন, যিনি অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন। তাঁর দেহের বর্ণ ছিল গৌর, তাঁর চারটি হাত ছিল এবং তিনি অক্ষসূত্র (যজ্ঞোপবীত) ও কমণ্ডলু ধারণ করেছিলেন। ঋষিদের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকেন।”
🔶 মহামুনি অগস্ত্য শৈবাচার্য দেবের কীর্তি বিষয়ে মৎস পুরাণের ৬১ অধ্যায়ের ৩৮ শ্লোকে বলা হয়েছে —
“তিনি তারকাসুরের দ্বারা জগৎ অত্যন্ত পীড়িত হলে তা দেখে অত্যন্ত কুপিত হয়ে সমুদ্রকে পান করে নিয়ে ছিলেন।”
দেবতাদের অনুরোধে মহর্ষি অগস্ত্য তাঁর অলৌকিক ক্ষমতা দিয়ে সমগ্র সমুদ্রের জল এক চুমুকে পান করে ফেলেন। সমুদ্র শুকিয়ে যাওয়ায় কালকেয় অসুরদের গোপন আস্তানা উন্মোচিত হয়ে পড়ে এবং দেবতারা সহজেই সব কালকেয় অসুরকে আক্রমণ করে বধ করতে সক্ষম হন।
রাজা নহুষের দর্পচূর্ণ (অসুরভাবাপন্ন রাজা) করেছিলেন তিনি। যদিও রাজা নহুষ জন্মগতভাবে অসুর ছিলেন না, কিন্তু ইন্দ্রের অনুপস্থিতিতে স্বর্গের রাজা হয়ে তিনি অত্যন্ত অহংকারী ও অত্যাচারী অসুরের মতো আচরণ শুরু করেছিলেন। তিনি দেবী শচী (ইন্দ্রাণী) কে লাভ করার জন্য ঋষিদের দিয়ে তাঁর পালকি বহন করাতে বাধ্য করেন। একদিন অহংকারের বশে তিনি পালকি বহনকারী অগস্ত্য মুনিকে উদ্দেশ্য করে "সর্প সর্প" (দ্রুত চল) বলে পদাঘাত মারেন। ক্ষুব্ধ মহর্ষি অগস্ত্য তাকে অভিশাপ দিয়ে স্বর্গ থেকে মর্ত্যের এক অজগর সাপে (রাক্ষস রূপ) পরিণত করেন এবং তার অসুরসুলভ অহংকার ধ্বংস করেন।
_________________________________________________
🔶 লোপামুদ্রা হলেন অগস্ত্য মুনির পত্নী।
এবিষয়ে স্কন্দমহাপুরাণের কাশীখণ্ডের পূর্বার্দ্ধের ৩ অধ্যায়ের ১০২-১০৪ শ্লোকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে —
পতিব্রতাশিরোরত্ন লোপামুদ্রাঙ্ঘ্রিমুদ্রয়া ।
মুদ্রিতং বীক্ষ্য সন্নেমুঃ পর্ণশালাঙ্গনং সুরাঃ ॥ ১০২ ॥
বিসর্জিতসমাধিঞ্চ ধৃতকর্ণাক্ষমালিকম্ ।
অধিষ্ঠিতবৃসীপৃষ্টং পরমেষ্ঠি-বদুৎকটম্ ॥ ১০৩ ॥
পুরোঽগস্ত্যং সমালোক্য সর্বে দেবাঃ সবাসবাঃ ।
প্রহৃষ্টবদনাঃ প্রোচুঃ প্রোচৈর্জয় জয়েতি চ ॥ ১০৪ ॥
[স্কন্দমহাপুরাণ/কাশী খণ্ড/পূর্বার্দ্ধ/৩ অধ্যায়]
✅ অর্থ : দেবগণ সেই পর্ণকুটীর প্রাঙ্গণে পতিব্রতাশিরোমণি অগস্ত্যপত্নী লোপামুদ্রার পদাঙ্ক চিহ্নিত দেখে প্রণাম করলেন। পরে যোগোত্থিত, কর্ণে অক্ষমালা (রুদ্রাক্ষ) ধারণ করে অবস্থিত, যথাযোগ্য আসনে আসীন, পরমেষ্টিবৎ শ্রেষ্ঠ অগস্ত্য ঋষিকে সম্মুখে দেখে, ইন্দ্রাদি সমস্ত দেবতা আনন্দিত হয়ে মুখে জয় জয়কার উচ্চারণ করলেন।
এইভাবে স্কন্দমহাপুরাণের কাশীখণ্ডের পূর্বার্দ্ধের ২-৪ অধ্যায়ে বলা হয়েছে - বিন্ধ্যগিরির উচ্চতার কারণে সূর্যের আলো পৃথিবীতে আসতে বাঁধা প্রাপ্ত হত। ফলে দেবতারা অগস্ত্য মুনির কাছে এসে বলেন, এই সমস্যার সমাধান করতে। তখন তিনি তথাস্তু বলেন।
এরপর ৫ অধ্যায়ে বলা হয়েছে, অগস্ত্য শৈবাচার্য দেবতারা চলে যাওয়ার পর মহাদেবের ধ্যান করলেন। কাশী ত্যাগ করে দক্ষিণে চলে যাবার সময় অগস্ত্য শৈবাচার্য ভগবান কালভৈরব, ঢুণ্ডি গণেশ, মা পার্বতীর কাছে বড়ই বিলাপ করেন, মূর্ছিত হন এবং শেষে শিব শিব জপ করতে করতে , তিনি অত্যন্ত দুঃখে ব্যথিত হৃদয়ে কাশী ত্যাগ করতে উদ্যত হন, তার উজ্জ্বল দেহ দর্শন করে আকাশমার্গ রোধ করে দাঁড়িয়ে থাকা বিন্ধ্য পর্বত ভাবলেন এই সেই মহামুনি, যিনি ‘বাতাপী ও ইল্বল’ নামক অসুরদের বধকারী, এই ভেবে ভয়ে ভীত হয়ে খর্ব হয়ে যেন পৃথিবীতে অনেকটা ঢুকে গেলেন, এবং অগস্ত্য শৈবাচার্যকে বললেন, আমি আপনার কিঙ্কর, আমাকে আদেশ করে অনুগ্রহ করুন। তা দেখে অগস্ত্য শৈবাচার্য বললেন, আমি যতদিন না পুনরায় এখানে ফিরে আসি ততদিন তুমি এইভবে খর্ব হয়ে থাকো।
বিন্ধ্য ভাবললেন, অন্তত অভিশাপ দেননি, এই অনেক সৌভাগ্য। আমি ধন্য।
এই ভাবে অগস্ত্য শৈবাচার্য জগতের কল্যাণের জন্য সেই কাশীত্যাগ করে গোদাবরীর তীরে চলে গেলেন, যে কাশীতে মৃত্যু বরণ করবার জন্য সমগ্র জীব সেখানে বসবাস করতে চায়। তিনি গোদাবরীর কাছে গায়ে কাশীর বিরহে ছটফট করতে থাকেন। আর এদিকে বিন্ধ্যগিরিও - মুনি আজ আসবেন কাল আসবে পরশু আসবেন - ভেবে ঐ ভবে স্থির রইলেন।
এইভাবে জগতের মঙ্গলের জন্য তিনি এতবড় ত্যাগ স্বীকার করেছেন, যেমন - মহর্ষি দধীচি শৈবাচার্য দেব নিজের দেহত্যাগ করেছেন দেবতাদের কাছে নিজের অস্থি দিয়ে বজ্রাস্ত্র পাবার জন্য।
_________________________________________________
🔶 কাশীতে অবস্থিত মহামুনি অগস্ত্য শৈবাচার্য দেবের পূজিত ‘অগস্ত্যেশ্বর শিবলিঙ্গ’ —
অগতিত্তীর্থং তত্রাস্তি মহাঘৌঘবিঘাতকৃৎ ।
তত্র স্নাত্বা প্রযত্বেন দৃষ্ট্বাগস্তীশ্বরং বিভুম্ ॥ ১৭৭ ॥
অগস্তিকুণ্ডে চ ততঃ সন্তর্প্য চ পিতামহান ।
অগস্তিনা সমেতাঞ্চ লোপামুদ্রাং প্রণম্য চ ॥ ১৭৮ ॥
সর্বপাপবিনির্মুক্তঃ সর্বক্লেশবিবর্জিতঃ ।
গচ্ছেৎ স পূর্বজৈঃ সার্দ্ধং শিবলোকং নরোত্তমঃ ॥ ১৭৯ ॥
[স্কন্দমহাপুরাণ/কাশী খণ্ড/উত্তরার্দ্ধ/৬১ অধ্যায়/১৭৭-১৭৯ শ্লোক]
✅ অর্থ : তথায় (যোগীনীতীর্থে) অগস্ত্যতীর্থ বিরাজমান; ঐ তীর্থ জীবগণের কলুষরাশি নাশ করে। যে মানব সেখানে স্নান করে অগস্ত্যেশ্বর শিবলিঙ্গ দর্শন করে অগস্ত্যকুণ্ডে পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করে অগস্ত্য ও লোপামুদ্রাকে প্রণাম করে, সে সমুদায় পাপ ও ক্লেশ হতে বিমুক্ত হয়ে পিতৃগণের সহিত শিবলোকে অধিষ্ঠান করে।
_________________________________________________
🔶 স্কন্দমহাপুরাণের আবন্ত্য খণ্ডে বলা হয়েছে মহাকালেশ্বরের সমীপে মহামুনি অগস্ত্য শৈবাচার্য দেবের পূজিত আরেকটি ‘অগস্ত্যেশ্বর শিবলিঙ্গ’ রয়েছে —
যন্ত্রগস্ত্যেশ্বরঃ গচ্ছে-দেকচিত্তো নরো মুনে ॥ ৬ ॥
দৃষ্টাগস্ত্যেশ্বরং দেবং সোপবাসো জিতেন্দ্রিয়ঃ ।
অগস্ত্যোদয়বেলায়াং মুচ্যতে সর্ব্বপাতকৈঃ ॥ ৭ ॥
[স্কন্দমহাপুরাণ/আবন্ত্য খণ্ড/৩৫ অধ্যায়/৬-৭ শ্লোক]
✅ অর্থ : অগস্ত্যেশ্বরে গিয়ে উপবাসী ও জিতেন্দ্রিয় হয়ে অগস্ত্যেশ্বর শিবলিঙ্গ কে ‘অগস্ত্য উদয়’ [অগস্ত্য নক্ষত্র দক্ষিণ-পূর্ব দিকের আকাশে উদয়] -এর সময়ে দর্শন করলে সর্বপাপ থেকে মুক্তি লাভ ঘটে ॥ ৬-৭॥
_________________________________________________
🔶 মহামুনি অগস্ত্য হলেন শৈব আচার্য, এবিষয়ে শিবমহাপুরাণে বর্ণিত হয়েছে —
পরং পাশুপতং যত্র ব্রতং জ্ঞানং চ কথ্যতে ॥ ১৩ ॥
তত্র তত্রাবতীর্ণেন শিবেনৈব প্রবর্ত্যতে ॥ ১৪ ॥
রুরুর্দধীচোঽগস্ত্যশ্চ উপমন্যুর্মহাযশাঃ ॥ ১৫ ॥
তৎসন্ততীয়া গুরবঃ শতশোঽথ সহস্রশঃ ॥ ১৬ ॥
তেষু পাশুপতো যোগঃ শিবং প্রত্যক্ষয়েদ্ দৃঢ়ম্ ॥ ১৭ ॥
[শিব মহাপুরাণ/বায়বীয় সংহিতা/পূর্বভাগ/৩২ অধ্যায়/১৩-১৭ শ্লোক]
✅ অর্থ : যে শাস্ত্র সমস্ত বেদের সারস্বরূপ এবং একশত কোটি শ্লোক জুড়ে বিস্তারিত, যাতে পরম পাশুপত ব্রত এবং পাশুপত জ্ঞানের কথা বলা হয়েছে ॥ ১৩ ॥
যুগের পরিবর্তনের সাথে সাথে, প্রতি যুগে স্বয়ং ভগবান শিবই 'যোগাচার্য' রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন এবং এই জ্ঞান প্রচার ও প্রসার করেন ॥ ১৪ ॥
এই বিশাল শিড়জ্ঞানকে সংক্ষিপ্ত করে জগৎবাসীকে জানানোর উদ্দেশ্যে চারজন মহর্ষি মুখ্য প্রবক্তা আচার্য হিসেবে আবির্ভূত হয়েছিলেন — তাঁরা হলেন রুরু, দধীচি, অগস্ত্য এবং মহাযশস্বী উপমন্যু ॥ ১৫ ॥
সেই শাস্ত্রে চর্যা ইত্যাদি ভেদে চার প্রকার পরম ধর্মের কথা বলা হয়েছে। সেগুলির মধ্যে ‘পাশুপত যোগ’-ই শ্রেষ্ঠ, যা সাধককে দৃঢ়তার সাথে পরমেশ্বর শিবের প্রত্যক্ষ দর্শন করিয়ে দেয় ॥ ১৬ ॥
🔶 এই একই কথা আবারও বলা আছে শিবমহাপুরাণে —
মহর্ষি উপমন্যু শৈবাচার্য তার শিষ্য শ্রীকৃষ্ণকে শিবমহিমা শ্রবণ করানোর প্রসঙ্গে বলেছে ‘শৈব আগম শাস্ত্র অগস্ত্য মুনি জগতে প্রচার করেছে’। প্রমাণ —
তয়া সঞ্চোদিতো দেবো দেব্যা চন্দ্রবিভূষণঃ ।
অবদৎকরমুদ্ধৃত্য শাস্ত্রং সর্বাগমোত্তরম্ ॥ ৪১ ॥
প্রবর্তিতং চ তল্লোকে নিয়োগাৎ পরমেষ্ঠিনঃ ।
ময়াগস্ত্যেন গুরুণা দধীচেন মহর্ষিণা ॥ ৪২ ॥
স্বয়মপ্যবতীর্যোর্ব্যাং যুগাবর্তেষু শূলধৃক ।
স্বাশ্রিতানাং বিমুক্ত্যর্থং কুরুতে জ্ঞানসন্ততিম্ ॥ ৪৩ ॥
[শিব মহাপুরাণ/বায়বীয় সংহিতা/উত্তরভাগ/৮ অধ্যায়/৪১-৪৩ শ্লোক]
এমনকি স্বয়ং শূলধারী শিবও যুগে যুগে এই পৃথিবীতে যোগাচার্য রূপে অবতীর্ণ হয়ে, তাঁর আশ্রিত ভক্তদের মুক্তির জন্য এই জ্ঞান পরম্পরা বিস্তার করে থাকেন ॥ ৪৩ ॥
_________________________________________________
📜 স্কন্দউপপুরাণ অর্থাৎ শিবভক্তবিলাসে সূতমুনি ঐ গ্রন্থশাস্ত্র পাঠের সর্বপ্রথমে পরমেশ্বর শিব সহ সকল শৈব আচার্য দের স্মরণ করে তারপর এই শিবভক্তিবিলাস বলতে আরম্ভ করেছিলেন, সেখানে অগস্ত্য মুনির নাম উল্লেখিত হয়েছে। প্রমাণ দেখুন —
ইতি পৃষ্টো মুনিবরৈঃ সূতঃ সর্বার্থতত্ত্ববিৎ ।
নমস্কৃত্বা মহাভাগঃ শিবায় গুরুমূর্তয়ে ॥ ১১ ॥
বিঘ্নেশং ভারতীং দেবীং মহাসেনং চ নন্দিনম্ ।
মহাবিষ্ণুং চ ধাতারং পার্বতীমদ্রিকন্যকাম্ ॥ ১২ ॥
বেদব্যাসং অগস্ত্যং চ ব্যাঘ্রপাদং পতঞ্জলিম্ ।
দধীচি ভার্গবং রামং জৈমিনিং গৌতমং ভৃগুম্ ॥ ১৩ ॥
উপমন্যুং চ কৌন্তেয়ং মার্কণ্ডেয়ং মহামুনিম্ ।
বেদশাস্ত্রগুরুনন্যান্ সম্প্রদায়গুরুনপি ॥ ১৪ ॥
শিবভক্তান্ মহাভাগান্ নত্বায়ং করণৈস্ত্রিভিঃ ।..॥ ১৫ ॥
[স্কন্দউপপুরাণ(শিবভক্তবিলাস)/১ম অধ্যায়/১১-১৫ নং শ্লোক]
✅ অর্থ — মুনিগণেরা যখন সর্ব তত্ত্ব সম্পর্কে জ্ঞাত সূত মুনিকে জিজ্ঞাসা করলেন তখন সূত জী প্রথমে এভাবে প্রণাম করতে করতে বললেন, আমি সেই শ্রীগুরু দক্ষিণামূর্তি শিবকে প্রণাম করি, তারই সহিত গণেশ, দেবী সরস্বতী, কার্তিকেয়, নন্দী মহারাজ, মহাবিষ্ণু, ব্রহ্মা, মাতা হৈমবতী পার্বতীদেবী, গুরু ব্যাসদেব, ঋষি অগস্ত্য, ব্যাঘ্রপাদ মুনি, ঋষি পতঞ্জলি, মহর্ষি দধীচি, পরশুরাম, জৈমিনি, ঋষি গৌতম, ভৃগু ঋষি, মহর্ষি উপমন্যু, শিবভক্ত কৌন্তেয়(অর্জুন), মার্কণ্ডেয় আদি শিবভক্ত শৈব আচার্যদের, তার সহিত বেদ শাস্ত্রের অনান্য যত শৈবগুরু আছেন তাদের তথা শৈব পরম্পরার মধ্যে থাকা অনান্য সকল সম্প্রদায়ের শৈবগুরু তথা সকল শিবভক্ত শৈবকে একত্রে মন,বাণী ও শরীর এই তিন প্রকারেই নমস্কার করি ॥ ১১-১৫ ॥
_________________________________________________
♦️ শিবগীতায় সুতমুনি অনান্য মুনিদের কাছে বলেছে - মহামুনি অগস্ত্য শিবজ্ঞানের উপদেশ দিয়েছেন - এমন প্রসঙ্গ বলবেন বলে উল্লেখ করা হয়েছে —
সূত উবাচ।
ধর্মার্থকামমোক্ষণাং পারং যস্যাথ যেন বৈ ।
মুনয়স্তৎ প্রবক্ষ্যামি ব্রতং পাশুপতাভিধাম্ ॥ ৩৬
কৃত্বা তু বিরজাং দীক্ষাং ভূতিরুদ্রাক্ষধারিণঃ ।
জপন্তো বেদসারাখ্যং শিবনামসহস্রকম্ ॥ ৩৭ ॥
সন্ত্যজ্য তেন মর্ত্যত্বং শৈবীং তনুমবাপ্স্যথ ।
ততঃ প্রসন্নো ভগবান্ শঙ্করো লোকশঙ্করঃ ॥ ৩৮ ॥
ভবতাং দৃশ্যতামেত্য কৈবল্যং বঃ প্রদাস্যতি ।
রামায় দণ্ডকারণ্যে যৎ প্রাসাৎ কুম্ভসম্ভবঃ ॥ ৩৯
তৎসর্বং বঃ প্রবক্ষ্যামি শৃনুধ্বং ভক্তিয়োগিনঃ ॥ ৪০
✅ অর্থ : সূতমুনি বললেন, হে মুনিগণ ! যে ব্রত করলে ধর্ম অর্থ কাম মোক্ষ - এই চার পুরুষার্থ লাভ হয়, সেই পরমপবিত্র পাশুপতব্রত সম্পর্কে আপনাদের কাছে বর্ণনা করছি, ধৈর্য ধারণ করে শ্রবণ করুন ॥ ৩৬ ॥
বিরজা হোমের ভস্ম ধারণ করে বিরজাদীক্ষা নিয়ে রুদ্রাক্ষ ধারণ করে বেদের সার শিবসহস্রনাম জপ করা উচিত ॥ ৩৭ ॥
(এইভাবে নিরন্তর এই ব্রত পালন করলে) মর্ত্য থেকে পাওয়া এই মানব শরীরের সকল স্বাভাবিক দোষ থেকে মুক্ত হয়ে যায় শৈবশরীর(শিব জ্ঞান সম্পন্ন দিব্যদেহ রূপ, যা শিব সাক্ষাৎকার করবার যোগ্য সেটি) প্রাপ্ত হয়ে থাকে। তখন সর্বলোকের কর্তা পরমেশ্বর ভগবান শঙ্কর প্রসন্ন হয়ে ঐ ব্যক্তি (শৈব সাধক) কে দর্শন দেন ও কৈবল্য মুক্তি (মোক্ষ/শিবত্ব/নির্বাণ) প্রদান করেন ।
যখন সে রামচন্দ্র দণ্ডকারণ্যে বসবাস করছিলেন তখন (কুম্ভ থেকে উৎপন্ন) অগস্ত্য মুনি (শ্রী রামচন্দ্র কে) যে উপদেশ দিয়েছিলেন, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত বর্ণনা করছি । আপনারা ভক্তিযুক্ত মনে তা শ্রবণ করুন ॥ ৩৮-৪০ ॥
🔸 এরপর - শিবগীতার ২য় অধ্যায়ে অগস্ত্য শৈবাচার্যদেব রামচন্দ্র কে শিবজ্ঞান দিয়ে পরমেশ্বর শিবের মহিমা ব্যক্ত করলেন।
তারপর শিবগীতার 'বিরজা দীক্ষা' নামক ৩য় অধ্যায়ে অগস্ত্য শৈবাচার্যদেব রামচন্দ্র কে মহাপাশুপত শৈব পরম্পরার পাশুওত ব্রত পালনপূর্বক হোমের ভস্ম ধারনের মাধ্যমে 'বিরজা' দীক্ষায় দীক্ষিত করে দিলেন।
__________________________________________
🔱 সিদ্ধান্ত —
মহর্ষি অগস্ত্য শৈবাচার্যের জীবন — একজন শিবভক্ত কীভাবে গুরুপরম্পরা, শিবজ্ঞান, সাধনা, ত্যাগ, ধর্মনিষ্ঠা ও জগতের কল্যাণকে নিজের জীবনের সঙ্গে যুক্ত করতে পারেন, তার এক গভীর আদর্শ। আপনার প্রদত্ত শাস্ত্রপ্রমাণে তাঁকে মহাপাশুপত শৈব পরম্পরার অন্যতম প্রধান প্রবক্তা এবং শিবজ্ঞানের আচার্য হিসেবে তুলে ধরা হয়েছে। অগস্ত্য শৈবাচার্যের জীবন আমাদের শেখায় — শিবভক্তি শুধু আবেগ বা উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয় ; শিবের জ্ঞান অর্জন, গুরুর উপদেশ গ্রহণ, শৈব আচরণ পালন, ইন্দ্রিয়সংযম, অহংকার ত্যাগ এবং জগতের কল্যাণে আত্মনিয়োগও শিবভক্তিরই অঙ্গ। তিনি নিজে শিবকে আরাধ্য ও ইষ্টদেব হিসেবে ধারণ করেছেন এবং শৈব জ্ঞানকে পরম্পরায় প্রচার করেছেন।
বিশেষত, শিবমহাপুরাণের বর্ণনা অনুসারে অগস্ত্য, দধীচি, রুরু ও উপমন্যু — এই চার মহর্ষিকে পরম পাশুপত জ্ঞানের মুখ্য প্রবক্তা বলা হয়েছে; সেই জ্ঞান ও যোগের উদ্দেশ্য পরমেশ্বর শিবের প্রত্যক্ষ উপলব্ধির দিকে সাধককে এগিয়ে নেওয়া। তাঁর জীবনের আর একটি বড় শিক্ষা হল নিজের ব্যক্তিগত সুখের ঊর্ধ্বে উঠে লোককল্যাণকে স্থান দেওয়া। কাশীর প্রতি গভীর অনুরাগ থাকা সত্ত্বেও জগতের কল্যাণের জন্য দক্ষিণে গমন এবং বিন্ধ্যপর্বতের প্রসঙ্গে তাঁর ভূমিকা আপনার লেখায় সেই ত্যাগ ও কর্তব্যবোধের উদাহরণ হিসেবে এসেছে। আর শিবগীতার প্রসঙ্গে অগস্ত্যাচার্যের যে ভূমিকা তুলে ধরা হয়েছে, তা বিশেষভাবে শিবভক্তদের জন্য অনুপ্রেরণাদায়ক — তিনি শ্রীরামকে শিবজ্ঞান প্রদান করেন এবং পাশুপত ব্রত ও বিরজা দীক্ষার মাধ্যমে শৈব সাধনার পথে পরিচালিত করেন। অতএব, আজকের শিবভক্তের কাছে অগস্ত্য শৈবাচার্যের প্রকৃত শ্রদ্ধা কেবল তাঁর নাম স্মরণে নয়; তাঁর আদর্শ অনুসরণে। শিবকে ইষ্ট করে, গুরুকে শ্রদ্ধা করে, শিবজ্ঞান অর্জন করে, শাস্ত্র ও সাধনার পথে অবিচল থেকে, অহংকার ও অধর্ম পরিত্যাগ করে এবং নিজের সাধনাকে জীবের কল্যাণের সঙ্গে যুক্ত করাই হতে পারে তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধাঞ্জলি। অগস্ত্যাচার্যের মতো আমরাও যেন শিবকে কেবল পূজার আসনে নয়, জীবনের প্রতিটি স্তরে ধারণ করি ; শিবজ্ঞানকে হৃদয়ে ধারণ করি, সনাতন শৈবধর্মকে আচরণে প্রকাশ করি এবং মহাদেবের আশ্রয়ে আত্মোন্নতির সঙ্গে সঙ্গে জগতের কল্যাণে নিজেদের নিয়োজিত করি।
🔱 মহর্ষি অগস্ত্য শৈবাচার্যের জীবন তাই আমাদের আহ্বান করে — শিবকে জানো, শিবকে ভজো, শিবের পথে চলো এবং শিবের জ্ঞান ও করুণার আলো অন্যের মধ্যেও ছড়িয়ে দাও।
__________________________________________
🚩 তথ্য সংগ্রহ ও লেখনীতে : শিবালয় প্রতিষ্ঠাতা শিবদ্বারাধীশাধ্যক্ষ দেশিক আচার্যপরমাধিকারী শ্রীপাদযুক্ত শ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্যদেব 🚩
©️ কপিরাইট ও প্রচারে : Shivalaya 🔥
পরমেশ্বর শিবের জয়🙏
পরমশিবভক্ত মহর্ষি দধীচি শৈবাচার্যের জয় 🙏
মাতা মহাসতী দধীচি পত্নী সুবর্চা দেবীর জয় 🙏
সকল শৈবগুরুর জয় 🙏
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩
ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩
ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩
পরমেশ্বর শিবের ও সনাতন শৈবধর্মের বিষয়ে এমন গুহ্য সত্য রহস্য ও সত্য উন্মোচনমূলক লেখা আরো পেতে অবশ্যই আমাদের Shivalaya ফেসবুক পেজ Follow করে Favourite করে রাখুন। এই তথ্য দ্বারা যদি আপনার জ্ঞান বৃদ্ধি হয়ে থাকে তবে অবশ্যই এই লেখাটি শেয়ার করুন, যাতে সত্য প্রকাশ্যে আসে।
#সনাতনধর্ম #শিবালয় #shiva #শিব #পরমেশ্বরশিব #ভগবান #অগস্ত্য #শৈবাচার্য #মহাপাশুপত #শৈবপরম্পরা #লোপামুদ্রা #শিবমহাপুরাণ #Shivalaya #শৈবধর্ম #শিবশাসন #স্কন্দমহাপুরাণ #কাশীখণ্ড
[এই পোস্টটি শুধুমাত্র শিক্ষামূলক ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত।এখানে ব্যবহৃত চিত্রটি কেবল বিষয়টি সহজে উপস্থাপনের জন্য Ai-সহায়তায় নির্মিত একটি প্রতীকী চিত্র, এই ছবিটির মধ্যে কিছু লেখা আলাদা ভাবে লেখা হয়েছে। সকল শাস্ত্রীয় উদ্ধৃতি ও তথ্য যথাসম্ভব মূল গ্রন্থ অনুসারে ছবি উপস্থাপিত হয়েছে।]


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন